রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
আলোচনার শুরুতেই পুতিন আরাঘচিকে উদ্দেশ করে বলেন, “প্রিয় মন্ত্রী, আপনাকে দেখে আমি খুবই আনন্দিত। আপনি রাশিয়া সফর করছেন এমন এক নাটকীয় মুহূর্তে, যখন এই অঞ্চল এবং আপনার দেশের আশেপাশের পরিস্থিতি তীব্রতর হচ্ছে।” তিনি আরও বলেন, “ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের, ভালো, নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমাদের পক্ষ থেকে, আমরা ইরানি জনগণকে সহায়তা প্রদানের চেষ্টা করছি।”
রুশ প্রেসিডেন্ট জানান, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ নিয়ে মস্কোর অবস্থান সুপরিচিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যেকোনো ধরনের আগ্রাসনের কোনো ভিত্তি বা ন্যায্যতা নেই। পুতিন বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রী এই সফরের মাধ্যমে যে আলোচনা শুরু করেছেন, তা বর্তমান সংকট কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে সহায়ক হবে।
এ সময় আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরমভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি জানান, তেহরান এই হামলাগুলোকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান আত্মরক্ষার বৈধ অধিকার সংরক্ষণ করে। রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা প্রকাশ করায় তিনি কৃতজ্ঞতা জানান।
আরাঘচি বলেন, “রাশিয়া আজ ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের সঠিক পাশে দাঁড়িয়েছে।” তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের প্রতি তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, ১৩ জুন থেকে ইসরায়েল প্রতিদিন ইরানের ভেতরে হামলা চালিয়ে আসছে। ২২ জুন মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটেই রাশিয়া ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।

