মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিষয়টি এখনো ইরান নিশ্চিত করেনি। ইসরায়েলের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ট্রাম্পের ঘোষণার পরও ইরাকে অবস্থিত চারটি সেনাঘাঁটিতে হামলা হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।
ইরানের অবস্থান: এখনো সমঝোতা হয়নি
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চুক্তি হয়নি।
তিনি লিখেছেন, ‘যদি ইসরায়েলি রেজিম স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পাল্টা প্রতিক্রিয়ার প্রয়োজন পড়বে না।’
আরাঘচি আরও বলেন, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান ভোর ৪টা পর্যন্ত চালানো হয়েছে।’
এক্সে আরেকটি পোস্টে তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সব ইরানির মতো আমিও আমাদের সাহসী সেনাদের কৃতজ্ঞতা জানাই। তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল।’
ইরাকে টানা ড্রোন হামলা
ট্রাম্পের ঘোষণার পরপরই ইরাকের বেশ কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা হয়।
ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত একটি ড্রোন হামলা চালায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ড্রপ সাইট নামের এক অনুসন্ধানী সংবাদমাধ্যম হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ‘ভিক্টরি বেস’ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে। এটি এক সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ছিল।
কুর্দিস্তান ২৪ চ্যানেল জানায়, সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে এই ঘাঁটি ইরাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, বালাদ ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এ ছাড়া, বাগদাদভিত্তিক আল-সুমারিয়া টেলিভিশন জানায়, ইরাকের ধি কার প্রদেশের ইমাম আলি ঘাঁটির রাডার সিস্টেমেও হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি প্রদেশের রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

