মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) এই তথ্য নিশ্চিত করেছে।
জরুরি সেবাদানকারী সংস্থাটি জানিয়েছে, একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো না হলেও আহতদের বয়সের বিবরণ দিয়েছে MDA। হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের মূল সড়কে তার ওপর হামলা হয়।

