আমেরিকার বিভিন্ন শহরে গ্রীষ্মের দাবদাহের সঙ্গে যোগ হয়েছে ভয়াবহ এক জনদুর্ভোগ—ময়লার গন্ধ, মাছির ঝাঁক আর রাস্তাজুড়ে আবর্জনার স্তূপ। ডাস্টবিন উপচে পড়া ময়লা এখন নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতির জন্য দায়ী দেশব্যাপী ছড়িয়ে পড়া পরিচ্ছন্নতা কর্মীদের এক কঠিন শ্রমিক ধর্মঘট।
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি ‘রিপাবলিক সার্ভিসেস’-এর কয়েক হাজার কর্মী তিন সপ্তাহ ধরে কর্মবিরতিতে আছেন। কম বেতন ও সীমিত সুযোগ-সুবিধার অভিযোগে অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের একাধিক শহরে এই ধর্মঘট চলছে।
চুক্তি লঙ্ঘনের অভিযোগ-পাল্টা অভিযোগ
টিমস্টার্স ইউনিয়নের দাবি, রিপাবলিক সার্ভিসেস চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি মানছে না। অন্যদিকে কোম্পানির অভিযোগ, ইউনিয়ন আলোচনার পরিবর্তে অচলাবস্থা তৈরি করছে।
ম্যাসাচুসেটসের পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাকচালক মাইক ওর্তিজ বলেন, “আমরা যে বেতন পাই, তা দিয়ে চলা যায় না। অথচ খরচ বাড়ছেই।”
ধর্মঘটের প্রভাবে দেশজুড়ে অন্তত দুই হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছেন, যার সরাসরি প্রভাব পড়ছে লাখ লাখ বাসিন্দার ওপর।
রিপাবলিক সার্ভিসেসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে অন্তত ছয়টি শহর আইনি পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে কোম্পানিও ইউনিয়নের বিরুদ্ধে গাড়ি চুরি, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছে, যা শ্রমিক সংগঠন অস্বীকার করেছে।
বস্টনের মেয়র মিশেল উ বলেন, “এই ব্যর্থতা শহরবাসীর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি।” তিনি কোম্পানিকে জরিমানা করারও হুঁশিয়ারি দেন।
বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে। মালডেন শহরের এক কফিশপ মালিক গ্লেইসি স্যান্টোস বলেন, “সপ্তাহে একবার ময়লা না সরালে আমাদের ব্যবসা চালানোই সম্ভব না।”
ব্যর্থ সমঝোতা ও অনিশ্চয়তা
শুক্রবারের আলোচনাও কোনো সমাধান এনে দিতে পারেনি। এখনো নতুন বৈঠকের সময় নির্ধারিত হয়নি। ফলে এই ‘আবর্জনাময় গ্রীষ্ম’ কতদিন চলবে, তা কেউ জানে না।
বেশ কিছু শহরে স্থানীয় প্রশাসন নিজস্ব কর্মী কিংবা নতুন ঠিকাদার দিয়ে ময়লা পরিষ্কারের চেষ্টা করছে। কিন্তু কোথাও কোথাও তা কাজে আসছে না।
তবে ইতিমধ্যে ওয়াশিংটনের লেসি শহরে এক সপ্তাহের মধ্যে সমঝোতা হয়েছে। ফিলাডেলফিয়ার আগের এক ধর্মঘটও মাত্র আট দিনে সমাপ্ত হয়েছিল। ফলে বিশেষজ্ঞরা বলছেন, আবর্জনা ও দুর্গন্ধের এই বাস্তবতাই শ্রমিকদের অবস্থানকে শক্তিশালী করছে।

