জাতিসংঘের পরমাণু শক্তিবিষয়ক সংস্থা আইএইএ আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান সফরে যাচ্ছে। সোমবার ২৮ জুলাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বিষয়টি নিশ্চিত করেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সফরের সময়টি গুরুত্বপূর্ণ। কারণ, এর আগে আইএইএর মহাপরিচালক বলেছিলেন, তেহরান ফের প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ দেখিয়েছে। সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলো।
বাঘেয়ি জানান, সফরের সময় একটি নতুন প্রস্তাবনা আইএইএর সামনে উপস্থাপন করা হবে। এটি ইরানের পার্লামেন্টে সদ্য পাস হওয়া একটি আইন অনুযায়ী তৈরি করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে আইএইএ তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আগে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যাচ্ছে—ভবিষ্যতে আইএইএর সঙ্গে ইরানের সম্পর্ক আগের মতো সরল থাকবে না। এতে শর্ত সাপেক্ষ সহযোগিতার ইঙ্গিত স্পষ্ট।
আইএইএ অবশ্য সবসময়ই বলছে, তাদের পরিদর্শন কার্যক্রম স্বাধীন হতে হবে। যাতে নিশ্চিত হওয়া যায়, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কি না। তেহরান এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে। তারা বলে, পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক।
এই সফর ইরান-আইএইএ সম্পর্কের গতিপথে নতুন বাঁক আনবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

