তুরস্ক প্রথমবারের মতো তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ প্রকাশ্যে এনেছে। ২০২৫ সালের ইস্তাম্বুল আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলায় (IDEF) এই বিধ্বংসী বোমার আনুষ্ঠানিক প্রদর্শন হয়।
প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য।
তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে বলেন, গাজাপ প্রতি মিটার এলাকায় ১০.১৬টি শার্পনেলের বিস্ফোরণ ঘটাতে পারে। যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত তিন মিটার পরপর একটি শার্পনেল বিস্ফোরণ ঘটায়। ফলে ধ্বংসক্ষমতায় এটি অনেক এগিয়ে।
তিনি আরও জানান, বোমার অভ্যন্তরীণ বিস্ফোরক ও ফিলার ডিজাইন নতুনভাবে তৈরি করা হয়েছে। সব ধরনের যোগ্যতা যাচাই ও সার্টিফিকেশন সম্পন্ন হয়েছে। এখন এটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।
‘নেব-২ ঘোস্ট’: ভয়ঙ্কর বাঙ্কার বিধ্বংসী বোমা
গাজাপ ছাড়াও মেলায় আরও একটি আধুনিক ও শক্তিশালী বোমা প্রদর্শন করা হয়। এর নাম ‘নেব-২ ঘোস্ট’। এটিও ৯৭০ কেজি ওজনের এবং বিশ্বমানের বাঙ্কার বিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
তুর্কি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের তৈরি সাধারণ মিসাইল সি-৩৫ গ্রেডের কংক্রিটে ২.৪ মিটার পর্যন্ত ঢুকতে পারে। অথচ নেব-২ ঘোস্ট ৭ মিটার গভীরতায় প্রবেশ করতে পারে। তাও সি-৫০ গ্রেডের কংক্রিটে, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাঠামোর তুলনায় প্রায় তিনগুণ বেশি শক্তিশালী।
এক পরীক্ষায়, এই বোমাটি একটি দ্বীপে নিক্ষেপ করা হয়। এতে দেখা যায়, এটি মাটির ৯০ মিটার গভীরে ঢুকে যায় এবং সৃষ্টি করে ভূমিধস, গ্যাস নির্গমন ও পাথর ধ্বংসের মতো প্রাকৃতিক প্রভাব।
এই বোমার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণ। সাধারণত যেখানে ২৫ মিলিসেকেন্ডে বিস্ফোরণ ঘটে, সেখানে নেব-২ ঘোস্ট বিস্ফোরণ ঘটায় ২৪০ মিলিসেকেন্ডে। এর ফলে বোমাটি আরও গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে অধিক ক্ষয়ক্ষতি করতে পারে।
‘গাজাপ’ ও ‘নেব-২ ঘোস্ট’ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ নিদর্শনও। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রগুলো তুরস্ককে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকরাও নজর রাখছেন তুরস্কের এই উন্নয়নের দিকে।

