গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০,০৩৪ জন।
এই হৃদয়বিদারক মাইলফলকটি এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থা (IPC) সতর্ক করে বলেছে, গাজায় এখন “দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ দৃশ্যপট” বাস্তবে রূপ নিচ্ছে।
আল জাজিরার বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন সহায়তা নেওয়ার সময় প্রাণ হারিয়েছেন।
গাজা শহরের দেইর আল-বালাহ এলাকা থেকে প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, মঙ্গলবার রাত ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী। ট্যাংক, ড্রোন ও বোমা সংযুক্ত রোবট দিয়ে চালানো হয় হামলা। স্থানীয়দের ধারণা, ইসরায়েল হয়তো নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে।
এদিকে IPC-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় তিনজনের মধ্যে একজন মানুষ দিনে পর দিন না খেয়ে থাকছেন। গাজা শহরে খাদ্য গ্রহণ এবং অপুষ্টির দিক থেকে ইতিমধ্যেই ‘দুর্ভিক্ষের মানদণ্ড’ অতিক্রম করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
চলমান সংঘাত, গৃহচ্যুতি, অবরুদ্ধ মানবিক সহায়তা এবং স্বাস্থ্যব্যবস্থার সম্পূর্ণ ধসে পড়ার কারণে পরিস্থিতি এখন প্রাণঘাতী মোড় নিয়েছে।
২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০ হাজারের বেশি শিশুকে তীব্র অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু ভয়াবহভাবে পুষ্টিহীন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে অন্তত ১৪৭ জন, যার মধ্যে ৮৮ জন শিশু।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, “গাজায় মানবিক বিপর্যয় চোখের সামনে ঘটছে। এখন আর এটা কোনো সতর্কতা নয়, বরং এক নির্মম বাস্তবতা।”
তিনি বলেন, “খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি—সবকিছু যেন ঢেউয়ের মতো প্রবাহিত হয়। এই দুঃস্বপ্ন বন্ধ হওয়া দরকার। অবরোধ তুলে যুদ্ধ থামাতে এখনই সব পক্ষকে একত্রে কাজ করতে হবে।”
আইপিসি মে মাসে এক বিশ্লেষণে জানায়, যদি অবরোধ ও সামরিক অভিযান বন্ধ না হয়, তবে সেপ্টেম্বরে গাজার পুরো জনগণ চরম খাদ্য সঙ্কটে পড়বে। ৫ লাখের বেশি মানুষ চরম দুর্ভিক্ষে পতিত হবে।
“ক্ষুধা না মরে, না ঝুঁকি নিয়ে খাবার নিতে গিয়ে”
জাতিসংঘ নারী সংস্থা-এর নির্বাহী পরিচালক সিমা বাহুস জানান, গাজায় ১০ লাখ নারী ও কিশোরী এক ভয়ংকর বাস্তবতার মধ্যে রয়েছেন—তারা হয় না খেয়ে মরছেন, না হলে খাবারের খোঁজে গিয়ে গুলিবিদ্ধ হচ্ছেন।
অবস্থা এমন যে, বিতর্কিত যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে গেলেও গুলি খেতে হচ্ছে মানুষকে।
আল জাজিরার হিন্দ খোদারি জানান, “নেতসারিমে এই GHF পয়েন্টগুলোতে হাজার হাজার মানুষ খাদ্যের আশায় ভিড় করছেন। কিন্তু সেখানেও তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে।”
২০২৫ সালের ২৯ জুলাই, ইসরায়েল ঘিরে রাখা গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জিকিম সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ ট্রাক প্রবেশের পর, বেইত লাহিয়ার পশ্চিম উপকূলীয় পথ ধরে হাঁটতে হাঁটতে ফিলিস্তিনিরা সংগ্রহ করা ত্রাণের প্যাকেট ফিরে নিয়ে যাচ্ছেন।
বিমান থেকে ত্রাণ ফেলা: ‘দূষ্কর ও ঝুঁকিপূর্ণ’
ইতোমধ্যে ব্রিটেন ও ফ্রান্স গাজায় বিমান থেকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা ফেলেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ এবং অকার্যকর। স্থলপথে সীমান্ত খুলে মানবিক সাহায্য পৌঁছানোই একমাত্র কার্যকর উপায়।
‘চামড়ার নিচে কেবল হাড়’ – শিশুদের দুর্ভিক্ষের ভয়ংকর ছবি
নাসের হাসপাতালের শিশু ও মাতৃত্ব বিভাগের পরিচালক ডা. আহমেদ আল-ফাররা বলেন, “আমরা এমন শিশু দেখছি, যাদের শরীরে কোনো মাংস নেই—শুধু হাড় আর চামড়া। এদের অনেকেই চলতি জীবনে স্বাভাবিকভাবে কথা বলা, লেখাপড়া, এমনকি মানসিক বিকাশেও পিছিয়ে পড়বে।”
ডাক্তাররা জানাচ্ছেন, অপুষ্টির কারণে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিপর্যস্ত হয়ে পড়ে। অন্ত্রের কোষগুলো মারা যায়, হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে, এবং হৃদস্পন্দন কমে গিয়ে অনেক শিশু হৃদযন্ত্রের ব্যর্থতায় মারা যায়।
চিকিৎসক তানিয়া হাজ হাসান বলেন, “শুধু খাবার দিয়ে সমস্যার সমাধান হয় না। অপুষ্টি শরীরের প্রতিটি কোষকে ধ্বংস করে ফেলে। শিশুরা ইনফেকশন, সেপসিস, হাইপোথার্মিয়া এবং হৃদস্পন্দনের গড়বড়ের কারণে ঝুঁকিতে পড়ে।”
একটা জাতি যেন নিঃশ্বাস নিতে পারছে না—বোমা, ক্ষুধা আর নিঃস্বতা একসঙ্গে এসে গ্রাস করছে গাজার প্রতিটি জীবন। শিশুরা খাবারের আশায় প্রাণ হারাচ্ছে, মায়েরা সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের দরজায় দাঁড়িয়ে কাঁদছেন।
এই বাস্তবতা আর কতদিন চলবে?
বিশ্ব নেতাদের, মানবাধিকার সংস্থার, আর আমাদের সকলের সময় এসেছে একযোগে বলার—এই হত্যাযজ্ঞ, এই দুর্ভিক্ষ, এই অবরোধ থামাতেই হবে। গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।
এই যুদ্ধের শেষ কোথায়—তা হয়তো এখনও অজানা। কিন্তু একটাই সত্য—এই মানবিক বিপর্যয়ের দায় কারো এড়ানোর সুযোগ নেই।