রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ঢেউ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক উপকূলীয় এলাকায় পৌঁছেছে। এই কম্পনের ফলে হাওয়াই, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই সুনামি ঢেউ হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানে। ওহু দ্বীপের হালেইওয়া এলাকায় ৪ ফুট (১.২ মিটার) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জনগণকে নিরাপদ অবস্থানে থাকতে এবং নিচু অঞ্চল থেকে দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন উপকূলীয় শহরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হাওয়াইয়ের হনলুলু শহরের মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি জানিয়েছেন, “শহরজুড়ে এখন পূর্ণ সুনামি সতর্কতা বলবৎ রয়েছে। যারা নিচু এলাকায় রয়েছেন, তাদের দ্রুত উঁচু স্থানে চলে যেতে হবে।” গভর্নর গ্রিন জানান, জাপান ও হাওয়াইয়ের মাঝামাঝি অবস্থিত মিডওয়ে অ্যাটল দ্বীপের ওপর দিয়ে ৬ ফুট (১.৮ মিটার) উচ্চতার ঢেউ ইতোমধ্যেই অতিক্রম করেছে।
এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় ইওয়াতে প্রিফেকচারে ৪.৩ ফুট (১.৩ মিটার) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। দেশজুড়ে ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির আশঙ্কা অত্যন্ত বাস্তব। আমরা আমাদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।”
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্যমতে, “জীবন ও সম্পদ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। এই ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।” সংস্থাটি আরো জানিয়েছে, হাওয়াইয়ের উপকূলীয় সকল এলাকাতে এখনো ঢেউ আঘাত হানছে এবং ইভাকুয়েশন জোনে ফিরে না আসার নির্দেশ বহাল রয়েছে।
পাপুয়ার জয়াপুরা শহর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার জন্য একটি আবেদন জারি করেছে।

রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা ও ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পরপরই কামচাটকা অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের আশপাশে আরো দুটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩।
ভূমিকম্প ও সুনামির ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবহন ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। হাওয়াইয়ের বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব বাণিজ্যিক জাহাজ এবং নতুন জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আধুনিক ইতিহাসে রাশিয়ায় সংঘটিত অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, “পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।”
বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জরুরি সেবা সংস্থাগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

