কাশ্মীরের পহেলগামে বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ হামলার পর এপ্রিল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ৭ মে মধ্যরাতে, যখন পাকিস্তানের বিমান বাহিনীর অপারেশন রুমের পর্দায় হঠাৎ লাল আলো জ্বলে ওঠে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল, সীমান্তের ওপারে ভারতের আকাশে বহু যুদ্ধবিমান সক্রিয়।
এরপরই পাকিস্তান এয়ার চিফ মার্শাল জহির সিধু এক ঝটিকা সিদ্ধান্ত নেন। কয়েকদিন ধরে তিনি অপারেশন রুমের পাশে একটি গদিতে ঘুমিয়ে থাকলেও সেই রাতে তিনি নিজেই চীনা প্রযুক্তির জে-১০সি জেটগুলোকে দ্রুত উড্ডয়নের নির্দেশ দেন। এমনকি তিনি স্পষ্ট আদেশ দেন তার পাইলটদের—লক্ষ্য হবে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান।
পাকিস্তানের এক ঊর্ধ্বতন বিমান কর্মকর্তা জানান, “তিনি রাফাল চেয়েছিলেন।” রাফাল, ফ্রান্সে তৈরি এই যুদ্ধবিমানটি ভারতের সামরিক শক্তির অন্যতম প্রতীক, যা কখনও যুদ্ধে ধ্বংস হয়নি। তাই সিধুর এই সাহসী সিদ্ধান্ত ছিল নজিরবিহীন।
বিশেষজ্ঞদের মতে- রাতের আঁধারে প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই আকাশযুদ্ধ। এতে অংশ নেয় প্রায় ১১০টি যুদ্ধবিমান, যা একে সাম্প্রতিক দশকের অন্যতম বড় আকাশযুদ্ধে পরিণত করে।
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানান—চীনের তৈরি জে-১০ অন্তত একটি রাফাল ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। এই ঘটনা অনেক সামরিক বিশ্লেষককে বিস্মিত করে তোলে এবং পশ্চিমা প্রযুক্তির সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
এমনকি রাফালের বকেয়া অর্ডার থাকা ইন্দোনেশিয়া জানায়, তারা এখন বিকল্প হিসেবে জে-১০ কেনার বিষয়টি বিবেচনা করছে। যা চীনের আন্তর্জাতিক অস্ত্রবাজারে আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তোলে।
তবে রয়টার্স ভারতের দুজন ও পাকিস্তানের তিনজন সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছে, রাফালের পতনের জন্য যুদ্ধবিমানের সক্ষমতা নয় বরং ভারতের গোয়েন্দা ব্যর্থতাই মূল দায়ী ছিল।
চীনা তৈরি পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ। এতে রাফালের পাইলটরা ভুল ভেবে নিয়েছিল তারা নিরাপদ দূরত্বে রয়েছে। বাস্তবে, পাকিস্তান জে-১০ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে—যা আকাশ থেকে আকাশে হামলার ইতিহাসে অন্যতম দীর্ঘ পাল্লার রেকর্ড।
পাকিস্তানি পক্ষ জানায়, তারা ভারতীয় পাইলটদের বিভ্রান্ত করতে ইলেকট্রনিক যুদ্ধবিমান ব্যবহার করে দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছিল। যদিও ভারতীয় কর্তৃপক্ষ এই কৌশলের কার্যকারিতা নিয়ে দ্বিধা প্রকাশ করেছে।
এখনও পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি রাফালের ভূপাতিত হওয়ার ঘটনাও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

