গাজার মানুষেরা এখন আর শুধু যুদ্ধের শিকার নয়, তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে এক ভয়াবহ নিঃশব্দ অস্ত্রের সামনে—ক্ষুধা। এই অনাহার, এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ, একটানা দীর্ঘ মাস ধরে শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। আর এখন, ধীরে ধীরে বয়স্কদেরও।
গত পাঁচ সপ্তাহে শুধুমাত্র অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ৮২ জন প্রাপ্তবয়স্ক। শিশুদের ক্ষেত্রে সেই সংখ্যা আরও ভয়াবহ—ইসরায়েলের অবরোধ ও খাদ্যসংকটের কারণে এখন পর্যন্ত ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
শরীর কীভাবে না খেয়ে ধ্বংস হয়?
গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেমস স্মিথ বলেন, “ক্ষুধায় মৃত্যু সবচেয়ে কষ্টকর, নিষ্ঠুর ও অপমানজনক এক মৃত্যু। এটা কখনো স্বাভাবিকভাবে ঘটে না, কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে এমনভাবে মেরে ফেলে।”
প্রথম কয়েক দিনে শরীর নিজেই তার পেশি ও টিস্যু খেতে শুরু করে। তারপর বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, কিডনি নষ্ট হতে শুরু করে। সবচেয়ে বড় ক্ষতি হয় রোগ প্রতিরোধক্ষমতার—যা গাজার মতো এলাকায় মারাত্মক।
একসময় শরীর আর পুষ্টি গ্রহণ করতে পারে না, হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যকারিতা কমে যায়, পেশি শুকিয়ে যায়, মানুষ দুর্বল হয়ে পড়ে। শরীরের প্রোটিন ভেঙে যাওয়ার পর মৃত্যু তখন সময়ের ব্যাপার মাত্র।
কতদিনে না খেয়ে মানুষ মারা যায়?
স্বাভাবিক ও সুস্থ কোনো মানুষ একদম না খেয়ে ৪৫ থেকে ৬১ দিন বাঁচতে পারে বলে মনে করা হয়। তবে গাজা এখন আর স্বাভাবিক কিছু নয়। ২২ মাস ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে এমন কোনো মানুষ আর খুঁজে পাওয়া কঠিন, যাকে “ভালোমতো খাওয়া” বলা যায়।
ডা. স্মিথ বলেন, “একটা সাধারণ সংক্রমণ, যেমন ডায়রিয়া, সর্দি-কাশি বা সামান্য আঘাতও তখন প্রাণঘাতী হয়ে ওঠে। অপুষ্টি শরীরের প্রতিরোধ ক্ষমতা এতটাই কমিয়ে দেয় যে, সামান্য সংক্রমণই শেষ করে দিতে পারে।”
কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
বাচ্চারা, বয়স্করা, অসুস্থরা এবং—সবচেয়ে করুণ সত্যটি হলো—যারা একা।
ফিলিস্তিনি-ব্রিটিশ সার্জন ডা. ঘাসান আবু সিত্তা বলেন, “একজন শিশু দ্রুতই পেশি ও চর্বি হারিয়ে ফেলে। আবার বয়স্কদের শরীরও অনেক দ্রুত ভেঙে পড়ে।”
তিনি আরও বলেন, “এটা শুধু বয়সের ব্যাপার নয়। এখন গাজায় হাজার হাজার এতিম বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেউ নেই তাদের খাওয়াতে বা ঝুঁকি নিয়ে খাবার আনতে। তারাও দ্রুত মারা যাচ্ছে।”
গাজার মানুষরা কীভাবে ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছে?
ইসরায়েল বহু বছর ধরেই গাজার খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করে আসছে। এমনকি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এক পর্যায়ে “মিনিমাম সাবসিস্টেন্স”—অর্থাৎ বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, শুধু তা-ই দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
এক আইনি লড়াইয়ে উঠে আসা ইসরায়েলি নথিপত্র অনুযায়ী, তারা ঠিক জানে গাজায় কতটুকু খাবার দিলে মানুষ না মরে টিকে থাকতে পারে। এর মানে, তারা এই অনাহার পরিকল্পনা করেই বাস্তবায়ন করেছে।
ডা. আবু সিত্তা বলেন, “এই ধরনের অপুষ্টির প্রভাব প্রজন্ম ধরে থাকে। মানসিক বিকাশে সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ—সবই পরবর্তী জীবনে দেখা যায়।”
ডা. স্মিথ যোগ করেন, “অপুষ্ট মা-দের কাছ থেকে জন্ম নেওয়া শিশুরাও দুর্বল হয়, আর এই দুর্বলতা বংশপরম্পরায় চলতেই থাকে।”
গাজায় দুর্ভিক্ষ এখনও ঠেকানো সম্ভব?
জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা (IPC) সম্প্রতি তাদের সবচেয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে—গাজায় এখন যে পরিস্থিতি চলছে, তা সর্বোচ্চ স্তরের দুর্ভিক্ষ পরিস্থিতি।
তবে অনেক পর্যবেক্ষক মনে করছেন, দুর্ভিক্ষ তো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গাজায় পৌঁছে গেছে।
তিনটি শর্ত পূরণ হলেই একটি অঞ্চলকে ‘দুর্ভিক্ষ’ ঘোষিত করা হয়—চরম খাদ্য সংকট, ভয়াবহ অপুষ্টি, এবং অপুষ্টিজনিত মৃত্যুর উচ্চ হার।
ডা. জোনস বলেন, “প্রথম দুটি শর্ত ইতিমধ্যেই গাজায় বিদ্যমান। কিন্তু তৃতীয়টি—মৃত্যুর হার—যথাযথভাবে নথিভুক্ত করা কঠিন, কারণ অনেকেই হাসপাতালে পৌঁছাতে পারছেন না।”
শিশুদের ক্ষেত্রেও একই কথা। অনেক শিশু অপুষ্টিতে ভুগছে, কিন্তু তারা যদি বোমা বা গুলিতে মারা যায়, তাহলে মৃত্যুর কারণ হিসেবে সেটা-ই লেখা হচ্ছে—ক্ষুধা নয়।
ডা. জোনস আরও বলেন, “আমরা যাই নামেই বলি না কেন, গাজার মানুষ এখন ক্ষুধায় মরছে, আর পুরো দুনিয়া চুপ করে দাঁড়িয়ে দেখছে।”
তিনি বলেন, “এটা দুর্ভিক্ষ নয়—এটা তার চেয়েও ভয়াবহ, মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য নির্যাতনের চিত্র।”

