বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল আগামী ডিসেম্বর থেকে শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে প্রাথমিকভাবে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তাব রয়েছে। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ সংযোগ দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি করবে।
হাইকমিশনার জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের সুপারিশে ভিসা এখন তিন থেকে চার দিনের মধ্যে ইস্যু করা হবে। এতে ভ্রমণ আরো দ্রুত হবে। তিনি উল্লেখ করেন পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারবে এবং বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে সক্ষম। পাশাপাশি টেক্সটাইল ও পোশাক খাতে বড় সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, দু’দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহনের পরিকল্পনাও চলছে। গত বছর কার্গো চালান শুরু হলেও চাহিদা বৃদ্ধির কারণে এবার সরাসরি পরিবহন নিয়ে আলোচনা এগোচ্ছে। ভবিষ্যতে শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান হাইকমিশনার।
তার তথ্য অনুযায়ী, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। উদ্দেশ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় উৎসাহিত করা।

