সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য কাজের সুযোগ আরো সীমিত হচ্ছে। মার্কেটিং ও সেলস খাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে এসব খাতে কর্মরত বিদেশিদের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সৌদি গ্যাজেট
সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, মার্কেটিং ও সেলস—এই দুই খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে মোট কর্মীর অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানে এই ৬০ শতাংশ স্থানীয়করণ বাধ্যতামূলক হবে। এর আওতায় যেসব পদ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার ও পাবলিক রিলেশন্স কর্মকর্তা।
সরকারি ঘোষণার ৩ মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
একইভাবে সেলস খাতেও স্থানীয়করণ নীতির সম্প্রসারণ করা হয়েছে। যেসব সেলস প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে মোট জনবলের অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে।
এ খাতে অন্তর্ভুক্ত পদগুলোর মধ্যে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট। সেলস খাতেও সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে এই নিয়ম কার্যকর হবে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সৌদি শ্রমবাজার আরো আকর্ষণীয় হবে, মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

