ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করেই এই হুমকি দেন তিনি। গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পরই ট্রাম্পের এই কড়া অবস্থান সামনে আসে।
একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অতিরিক্ত আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে যুক্তি তুলে ধরেছিলেন, তা নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করে ফ্রান্স। এরপরই দেশটির বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। এরপর তিনি বোর্ড অব পিসে যোগ দেবেন। যদিও তাকে যোগ দিতেই হবে এমন নয়।” যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম তদারকির জন্য যুক্তরাষ্ট্র যে বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছে, তার সনদে গাজার বাইরে বিস্তৃত ভূমিকার ইঙ্গিত রয়েছে। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে ফ্রান্স।
পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে ম্যাক্রোঁ জানান, ইরান ও সিরিয়া ইস্যুতে তারা একমত হলেও গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের অবস্থান তিনি বুঝতে পারছেন না।
ওই বার্তায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে দাভোসে বৈঠকের প্রস্তাব দেন ম্যাক্রোঁ। তিনি ইউক্রেনীয়, ডেনিশ, সিরীয় ও রুশ প্রতিনিধিদের আমন্ত্রণের কথাও উল্লেখ করেন। বৈঠকের পাশাপাশি নৈশভোজের প্রস্তাবও ছিল সেখানে।
এর আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের ব্যঙ্গ করে। বেসেন্ট বলেছিলেন, আর্কটিকে রাশিয়ার সম্ভাব্য হুমকির কারণে ট্রাম্প আগাম পদক্ষেপ নিচ্ছেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুক্তির সঙ্গে তুলনা করে ভবিষ্যৎ ঝুঁকির অজুহাতে আগেভাগে ক্ষতি ডেকে আনার বিষয়টি তুলে ধরে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এই শুল্ক হুমকি “অগ্রহণযোগ্য” এবং “অকার্যকর”। শুল্কের হুমকি দিয়ে পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তার করাকে গ্রহণযোগ্য মনে করা হয় না বলেও মন্তব্য করেছে ওই সূত্র।

