ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩ সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। নিহতদের মধ্যে এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিকও রয়েছেন। সূত্র: এএফপি
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন সাংবাদিকের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—
মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। তাঁদের মধ্যে আবদুল রউফ শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে কাজ করতেন। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্ব পালন করছিলেন না বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই ড্রোনটি তাদের জন্য হুমকি সৃষ্টি করছিল। সে কারণেই নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদনে হামলাটি পরিচালিত হয়। তবে হামাস-সংশ্লিষ্ট ড্রোন বলতে তারা ঠিক কী বোঝাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত চলছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের দৃশ্য ধারণের সময় সাংবাদিকরা একটি ড্রোন ব্যবহার করছিলেন। সে সময় তাদের সঙ্গে থাকা যানবাহনে হামলা চালানো হয়।
এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এটি একটি বিপজ্জনক মাত্রার উত্তরণ।
একই সঙ্গে ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি দখলদার শক্তির অনুসৃত পরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সরাসরি লড়াই অনেকাংশে থেমে গেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

