যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ইরানের দিকে মার্কিন নৌবহরের আগমনকে কেন্দ্র করে ইরানে হামলার শঙ্কা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। এই সিদ্ধান্তের কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে।
এয়ার ফ্রান্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম ও তেলআবিবে ফ্লাইট বাতিল করেছে। তাদের বিমানগুলো ইরান, ইরাক ও ইসরায়েলসহ গালফ অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলবে।
একই সঙ্গে, ইউনাইটেড এয়ারওয়েস এবং এয়ার কানাডা ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ সহিংস রূপ ধারণ করলে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোরভাবে তা দমন করে। তখন থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা বন্ধ ও ফাঁসি কার্যকর স্থগিত না করে, তিনি ইরানে সামরিক অভিযান চালাবেন। যদিও শেষ পর্যন্ত ট্রাম্প তা এড়ান, তবে সম্প্রতি আবারো হামলার ইঙ্গিত দিয়েছেন।

