ইরানের সরকার সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে— ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ হিসেবে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে আব্বাস আরাগচি অভিযোগ করেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ নাগরিকদের করের অর্থ ব্যবহার করে নিজের এবং ইউক্রেনের সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভারী করছেন। একই সঙ্গে তিনি বলেন, বিদেশি আক্রমণ ঠেকাতে ইরানকে কোনো দেশের কাছে সাহায্য ভিক্ষা করতে হয় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জেলেনস্কি নিজের ও দুর্নীতিবাজ জেনারেলদের স্বার্থে ‘জাতিসংঘ সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ নির্বিচারে ব্যয় করছেন।”
তিনি আরো বলেন, “একই সময়ে তিনি কোনো লজ্জাবোধ ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।”
আরাগচির ভাষায়, “বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আমরা আপনার ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো নই। ইরানিরা জানে কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য চাইতে হয় না।”
এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে জেলেনস্কি ইরানের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এই রক্তপাতের পর ইরান কী হয়ে উঠবে— যদি সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটাই বার্তা যাবে: অসংখ্য মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা সম্ভব।”
জেলেনস্কির এই বক্তব্যের পরই প্রকাশ্যে আসে তেহরানের কঠোর প্রতিক্রিয়া।

