সৌদি আরবের জনগণকে আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রোববার ১৫ ফেব্রুয়ারি এই আহ্বান জানানো হয়।
আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হবে।
রমজান ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। এ মাসে রোজা পালন করা ফরজ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কোরআন ও সহিহ হাদিসে রমজানের ফজিলতের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
রমজানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকেন। পাশাপাশি অন্যান্য শারীরিক চাহিদা থেকেও সংযম পালন করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়।
রমজান উপলক্ষে সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোতে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানো হয়েছে।

