পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এলাকায় ‘সন্ত্রাসী’দের উপস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে অভিযানটি চালানো হয়।
অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আইএসপিআরের দাবি, নিহতরা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
অভিযানের পর পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাকে আটক বা নির্মূল করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই অভিযান পরিচালিত হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে।

