আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে প্রায় ৭৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে ইরান। দেশটির আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। সূত্র: দ্য ডন
ইরানের তেল রপ্তানি থেকে পাওয়া এই বিপুল বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তেল মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ইরানের আয় প্রায় দেড় গুণ বেড়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেল রপ্তানি থেকে আয় বৃদ্ধিকে দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ইরানের তেল মন্ত্রণালয়ের প্রত্যাশা, বছরের প্রথম চার মাসে পাওয়া এই শক্তিশালী বৈদেশিক মুদ্রার প্রবাহ আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ তুলনামূলক স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় পরিশোধ করা সরকারের জন্য সহজ হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

