যুক্তরাষ্ট্রের খেলনার বাজারে চীনের আধিপত্য স্পষ্ট। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আমদানি করা খেলনার ৭৮ দশমিক ৩ শতাংশই এসেছে চীন থেকে। এসব খেলনার মোট আমদানি মূল্য ছিল ৯৮০ কোটি ডলার।
চীনের কারখানায় উৎপাদনের পর জাহাজে করে খেলনাগুলো পৌঁছায় যুক্তরাষ্ট্রের বন্দরে। এরপর পরিবহন, আমদানি শুল্ক ও বিপণন ব্যয় পেরিয়ে সেগুলো জায়গা করে নেয় খুচরা বিক্রির দোকানে।
চীনের দক্ষিণাঞ্চলে হংকংয়ের পাশের কুয়াংতুং প্রদেশ খেলনা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। এ প্রদেশের তোংকুয়ান শহরের মিহক্স কারখানায় ধাতব ছাঁচ ব্যবহার করে প্লাস্টিকের খেলনার বিভিন্ন অংশ তৈরি করা হয়। এরপর সেগুলো রং করা ও জোড়া লাগানোর মাধ্যমে পূর্ণাঙ্গ খেলনায় রূপ দেওয়া হয়।
কারখানাটির তথ্য অনুযায়ী, বছরে প্রায় সাড়ে পাঁচ কোটি খেলনা উৎপাদন করা হয়। এর প্রায় অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রের বাজারে।
একটি খেলনা তৈরির প্রক্রিয়া শুরু হয় ক্রেতা প্রতিষ্ঠানের নকশা দিয়ে। প্রথমে নমুনা তৈরি করা হয়। এরপর প্লাস্টিকের বিভিন্ন অংশ তৈরির জন্য বিশেষ ছাঁচ বানানো হয়। নকশা চূড়ান্ত করা থেকে শুরু করে বিক্রির উপযোগী খেলনা প্রস্তুত করতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। এ সময়ে ক্রেতার চাহিদা অনুযায়ী নকশায় একাধিকবার পরিবর্তন আনতে হয়।
নকশা চূড়ান্ত হওয়ার পর ছাঁচ তৈরি করতে প্রায় এক মাস লাগে। এরপর শুরু হয় মূল উৎপাদন, যা সম্পন্ন হতে আরও তিন মাসের বেশি সময় লাগতে পারে।
খেলনা তৈরি হলে ট্রাকে করে বন্দরে নেওয়া হয়। এরপর কনটেইনারে ভরে জাহাজে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন বন্দর থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছাতে জাহাজের প্রায় ১৫ দিন লাগে। পূর্ব উপকূলে যেতে সময় লাগে ২৫ থেকে ৩০ দিন।
যুক্তরাষ্ট্রের দোকানে একটি খেলনা বিক্রি হয় প্রায় ৩০ ডলারে। তবে এই বিক্রয়মূল্যের পুরোটা খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পায় না।মিহক্সের বিক্রয় বিভাগের কর্মী মেলানি ওয়াংয়ের হিসাব অনুযায়ী, খুচরা বিক্রয়মূল্যের প্রায় ২০ শতাংশ পায় কারখানা। অর্থাৎ ৩০ ডলারের একটি খেলনা তৈরি করে কারখানার আয় হয় প্রায় ৬ ডলার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানির সময় চীনা খেলনার ওপর সাধারণত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হয়। তবে কিছু খেলনার ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি।
চীনে উৎপাদন, যুক্তরাষ্ট্রে পরিবহন এবং আমদানি শুল্ক মিলিয়ে ৩০ ডলারের একটি খেলনার মোট ব্যয় দাঁড়ায় ৭ ডলার ৩৫ সেন্ট। ফলে বাকি ২২ ডলার ৬৫ সেন্ট যুক্তরাষ্ট্রের বাজারেই থেকে যায়।
এই হিসাব খেলনার আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় উৎপাদন ও খুচরা বিক্রির মধ্যকার মূল্য পার্থক্য তুলে ধরে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে থেকে যাওয়া পুরো অর্থকে নিট মুনাফা বলা যায় না। এর মধ্য থেকে আমদানিকারক, পরিবেশক ও বিক্রেতাদের অন্যান্য পরিচালন ব্যয়ও মেটাতে হয়।

