একসময় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। নগদ অর্থের ব্যবহার কমে যাওয়া, দ্রুত লেনদেন এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের জটিলতা দূর করার সম্ভাবনা থেকেই এ উদ্যোগের সূচনা। তবে সময়ের সঙ্গে সেই আগ্রহে ভাটা পড়ছে। ব্যবহারকারীদের প্রত্যাশিত সাড়া না পাওয়া, বাস্তবায়নের বিপুল ব্যয় এবং প্রযুক্তিগত ও নীতিগত নানা চ্যালেঞ্জের কারণে অনেক দেশ তাদের পরিকল্পনা থেকে সরে আসছে। বিপরীতে এসব বাধা উপেক্ষা করে ডিজিটাল ইউরো চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক।
যুক্তরাজ্যের আর্থিক সেবা কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ হাওয়ার্ড ডেভিসের এক বিশ্লেষণে ডিজিটাল মুদ্রা নিয়ে বিশ্বব্যাপী এই ভিন্নমুখী অবস্থানের বিষয়টি উঠে এসেছে। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা নিয়ে একসময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তব পরিস্থিতি এখন সেই ধারণাকে নতুন করে বিবেচনার সুযোগ করে দিয়েছে।
ডিজিটাল মুদ্রার ধারণা যেভাবে আলোচনায় আসে
প্রায় সাত বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প লিব্রা বিশ্বব্যাপী আর্থিক খাতে আলোচনার জন্ম দেয়। প্রকল্পটির নেতৃত্বে থাকা ডেভিড মার্কাস দাবি করেছিলেন, নতুন এই ব্যবস্থা ব্যাংকিং সেবাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশের ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটি কার্যকর হতে পারে।
তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ব্যক্তিমালিকানাধীন একটি প্রতিষ্ঠানের হাতে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ার ধারণাটি গ্রহণযোগ্য হয়নি। বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার বাধার মুখে লিব্রা প্রকল্পটি পরে ডিয়েম নামে নতুনভাবে চালুর চেষ্টা করে। শেষ পর্যন্ত সেটিও সফল হয়নি।
তবে প্রকল্পটি ব্যর্থ হলেও এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। কেন্দ্রীয় ব্যাংকগুলো বুঝতে পারে, প্রচলিত আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থায় গতি, ব্যয় ও জটিলতা নিয়ে যে সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে নতুন প্রযুক্তির প্রয়োজন হতে পারে। এর পর থেকেই বিভিন্ন দেশ নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করে।
পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে পিছিয়ে অনেক দেশ
আটলান্টিক কাউন্সিলের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বের ১৪৬টি দেশ কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণা বা অনুসন্ধান চালাচ্ছে। তবে পরিকল্পনা থেকে বাস্তবে চালুর পর্যায়ে পৌঁছেছে মাত্র তিনটি দেশ—বাহামা, নাইজেরিয়া ও জ্যামাইকা।
এই দেশগুলোর অভিজ্ঞতাও এখন পর্যন্ত খুব আশাব্যঞ্জক নয়। বাহামার ডিজিটাল মুদ্রা স্যান্ডডলারের ব্যবহার গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বাড়েনি। নাইজেরিয়ার ই-নায়রা এখনো সীমিত পরিসরের একটি আর্থিক মাধ্যম হিসেবে রয়ে গেছে। অন্যদিকে চীনের ডিজিটাল ইউয়ান এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে এর ব্যবহার বাড়েনি।
উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যেও ডিজিটাল মুদ্রা চালু নিয়ে অনীহা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা করলেও ২০২৩ সালে সেই গবেষণা শেষ করে। পরে চলতি বছরের জুলাইয়ে মার্কিন কংগ্রেসের পাস করা একটি আইনে ২০৩১ সালের আগে ডিজিটাল ডলার চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ ছাড়া গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশেও ডিজিটাল ডলারের বিরোধিতার অবস্থান স্পষ্ট করা হয়েছিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শও ডিজিটাল ডলার চালুর উদ্যোগকে ভুল নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। ফলে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এ ধরনের মুদ্রা চালুর সম্ভাবনা খুবই কম।
কানাডা, অস্ট্রেলিয়া ও নরওয়ের অবস্থান পরিবর্তন
যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি দেশ ডিজিটাল মুদ্রা নিয়ে তাদের আগের অবস্থান পুনর্বিবেচনা করছে। কানাডার কেন্দ্রীয় ব্যাংক আপাতত এ প্রকল্পের কাজ পিছিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত সেপ্টেম্বরে প্রকাশিত এক গবেষণায় জানিয়েছে, দেশটির বর্তমান ডিজিটাল লেনদেন ব্যবস্থা সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা পূরণে যথেষ্ট কার্যকর। তাই সাধারণ ব্যবহারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু করলে জনস্বার্থে কতটা বাড়তি সুবিধা পাওয়া যাবে, তা স্পষ্ট নয়।
নরওয়েও এ বিষয়ে আরও পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাধারণ মানুষের ব্যবহারের জন্য ডিজিটাল মুদ্রা চালু করা আর্থিক উদ্ভাবন, লেনদেনের নিরাপত্তা কিংবা দক্ষতা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় নয়। তবে তারা আর্থিক সম্পদের টোকেনভিত্তিক ব্যবহার এবং নিষ্পত্তি ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ব্যবহারের বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছে।
ডিজিটাল ইউরো চালুতে অনড় ইউরোপ
অন্যান্য দেশ যখন ডিজিটাল মুদ্রা চালুর পরিকল্পনা থেকে সরে আসছে, তখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ঠিক উল্টো পথে হাঁটছে। ইউরোপীয় কমিশনের সমর্থন পাওয়ার পর ডিজিটাল ইউরো চালুর প্রস্তুতি আরও জোরদার করেছে সংস্থাটি।
প্রয়োজনীয় আইন সময়মতো পাস হলে ২০২৯ সালে ডিজিটাল ইউরো চালুর জন্য প্রস্তুত থাকতে চায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির যুক্তি, ইউরোপের অভ্যন্তরীণ অর্থ লেনদেন ব্যবস্থায় এখনো পূর্ণাঙ্গ সমন্বয় নেই। ডিজিটাল ইউরো চালু হলে সদস্য দেশগুলোর মধ্যে লেনদেন আরও সহজ ও কার্যকর হতে পারে।
এ ছাড়া ইউরোপ বর্তমানে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বিভিন্ন অর্থ পরিশোধ নেটওয়ার্কের ওপর অনেকটাই নির্ভরশীল। ডলারে পরিচালিত ডিজিটাল মুদ্রাভিত্তিক লেনদেন ব্যবস্থার বিস্তারও ইউরোপের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। তাই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর মাধ্যমে আর্থিক ব্যবস্থায় স্বনির্ভরতা বাড়াতে চায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক।
তবে এই উদ্যোগের ব্যয় নিয়ে ইউরোপের বাণিজ্যিক ব্যাংকগুলোর আপত্তি রয়েছে। তাদের হিসাবে, ডিজিটাল ইউরো বাস্তবায়নে প্রায় ১ হাজার ৮০০ কোটি ইউরো বা ২০০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। বিপরীতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৪০০ কোটি থেকে ৬০০ কোটি ইউরো। ব্যয়ের এই বিশাল পার্থক্য নিয়েও বিতর্ক চলছে। তবে আপাতত রাজনৈতিক সমর্থনের জায়গায় এগিয়ে রয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দও প্রকল্পটি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাড়ছে আর্থিক প্রযুক্তিগত ব্যবধান
ডিজিটাল মুদ্রা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিন্ন অবস্থান ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ইউরোপ যদি আগে ডিজিটাল মুদ্রা চালু করতে পারে, তাহলে এর প্রযুক্তিগত কাঠামো, আইন এবং নীতিমালা নির্ধারণে প্রথমদিকে এগিয়ে থাকার সুবিধা পাবে।
এতে ইউরোপে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে হতে পারে। একই সঙ্গে ইউরোর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন তুলনামূলক সাশ্রয়ী হলে বিশ্ববাজারে ইউরোর ব্যবহারও বাড়তে পারে।
বিশ্লেষকের মতে, বিষয়টি শুধু নতুন একটি অর্থ পরিশোধ পদ্ধতি চালুর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ভবিষ্যতে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় কার প্রভাব বেশি থাকবে, সেই প্রতিযোগিতারও অংশ হয়ে উঠতে পারে ডিজিটাল মুদ্রা।
তবে ইউরোপের এই উদ্যোগে ঝুঁকিও কম নয়। বিপুল অর্থ বিনিয়োগের পরও যদি সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান ডিজিটাল ইউরো ব্যবহারে আগ্রহ না দেখায়, তাহলে এটি ব্যয়বহুল কিন্তু কম ব্যবহারযোগ্য একটি প্রকল্পে পরিণত হতে পারে।
এ কারণেই যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক আপাতত অপেক্ষার নীতি অনুসরণ করছে। ইউরোপের উদ্যোগ কতটা সফল হয়, তা পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় তারা।
সব মিলিয়ে, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা নিয়ে বিশ্ব এখন দুটি ভিন্ন পথে এগোচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নরওয়ের মতো দেশগুলো সম্ভাব্য সুবিধা ও ব্যয়ের হিসাব কষে সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে ইউরোপ বড় বিনিয়োগ ও প্রযুক্তিগত প্রস্তুতির মাধ্যমে নতুন আর্থিক ব্যবস্থার নেতৃত্ব দিতে চাইছে। শেষ পর্যন্ত এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা, বাস্তব ব্যবহার এবং বিনিয়োগের বিপরীতে পাওয়া সুবিধার ওপর।

