দ্য গার্ডিয়ান
জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াংয়ের বিদায়ের পর প্রতিষ্ঠানটির প্রথম ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশের সময় মঙ্গলবার এই অবস্থান স্পষ্ট করেন বোর্ড চেয়ারম্যান হার্ভি জোনস। একই দিনে এনভিডিয়া জানায়, তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব প্রায় দ্বিগুণ হয়ে ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির এই ফল এসেছে জেনসেন হুয়াংয়ের আকস্মিক বিদায়ের কয়েক দিনের মধ্যেই। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, যার মধ্যে একজন কথিত চীনা গোয়েন্দা সম্পদের সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে, সামনে আসার পর গত সপ্তাহে এনভিডিয়ার সিইও পদ ছাড়েন হুয়াং। পরে বোর্ড তাঁর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর বলে জানায়।
প্রত্যাশা ছাড়িয়ে আয়
এনভিডিয়ার তৃতীয় প্রান্তিকের রাজস্ব হয়েছে ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের বিশ্লেষক ঐকমত্য অনুযায়ী ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছিল ১০৯ দশমিক ১৫ বিলিয়ন ডলার। একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৬৮ ডলার, যেখানে পূর্বাভাস ছিল ২ দশমিক ৪৭ ডলার।
এক বছর আগের একই সময়ের তুলনায় এনভিডিয়ার রাজস্ব বেড়েছে ১০৩ শতাংশ। আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি ২০ শতাংশ।
গত সপ্তাহে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পাওয়া প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস মঙ্গলবার আর্থিক ফল উপস্থাপন করেন।
বিনিয়োগকারীদের সঙ্গে আয়-সংক্রান্ত কলে তিনি বলেন, ‘আমরা আরেকটি অসাধারণ প্রান্তিক পার করেছি। আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাবে না।’
হুয়াংয়ের বিদায়ে কর্মীদের ধরে রাখা নিয়ে উদ্বেগের জবাবে ক্রেস বলেন, এনভিডিয়ার কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পরিবর্তনের সময়ে কোম্পানি তাদের পাশে থাকবে। ব্যবসা পরিচালনা নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে।’
ধাক্কার পর শেয়ারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি পড়ে যায়। এতে বাজারমূল্য থেকে কয়েকশ বিলিয়ন ডলার উধাও হয়ে কোম্পানিটির মূল্যায়ন নেমে আসে প্রায় ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে।
অক্টোবরে এনভিডিয়ার বাজারমূল্য সর্বকালের সর্বোচ্চ প্রায় ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সামগ্রিক শ্লথতার মধ্যে শেয়ারের দাম ধীরে ধীরে কমেছে।
মঙ্গলবার আর্থিক ফল প্রকাশের পর আফটার-আওয়ার্স লেনদেনে এনভিডিয়ার শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে।
ফিরতে চান জেনসেন, বোর্ডের সায় নেই
হুয়াং মঙ্গলবার সকালে প্রথম প্রকাশ্য বিবৃতিতে নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং বন্ধু ও সহকর্মীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, পরিচালনা পর্ষদ যদি মনে করে তাঁর ফিরে আসা শেয়ারহোল্ডার, কর্মী, কোম্পানি ও যুক্তরাষ্ট্রের স্বার্থে হবে, তাহলে তিনি আবারও সিইও হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত।
কিন্তু এনভিডিয়ার বোর্ড চেয়ারম্যান হার্ভি জোনস স্পষ্ট করে দিয়েছেন, জেনসেনকে ফেরানোর ইচ্ছা বোর্ডের নেই।
তিনি বলেন, হুয়াং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং পরিচালনা পর্ষদ সেটি গ্রহণ করেছে।
ক্রেসের ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জোনস বলেন, তিনি এনভিডিয়ার অসাধারণ প্রবৃদ্ধির কেন্দ্রীয় অংশ ছিলেন।
হুয়াংয়ের বিদায়কে ‘অপ্রত্যাশিত পরিবর্তন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর পরবর্তী প্রভাব মোকাবিলায় বোর্ড সক্রিয়ভাবে কাজ করছে।
ট্রাম্প ও মাস্কও হুয়াংয়ের পক্ষে
হুয়াংকে আবারও এনভিডিয়ার শীর্ষ পদে ফেরানোর দাবিতে সিলিকন ভ্যালির একাধিক প্রভাবশালী ব্যক্তি সরব হয়েছেন। তাঁদের মধ্যে আছেন ইলন মাস্ক, উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক এবং কয়েকজন ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুয়াংয়ের প্রত্যাবর্তনে আপত্তি নেই বলে জানিয়েছেন। সোমবার এশিয়া সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, হুয়াং ফিরে এলে তাঁর আপত্তি থাকবে না এবং তাঁর ধারণা, সাবেক এনভিডিয়া প্রধান ‘বড় শিক্ষা পেয়েছেন’।
কংগ্রেসের সামনে হাজির হবেন হুয়াং
ব্যক্তিগত সম্পর্কের অভিযোগের পাশাপাশি এনভিডিয়ার চীন-সংশ্লিষ্ট ব্যবসা নিয়েও যুক্তরাষ্ট্রে তদন্ত ও রাজনৈতিক নজরদারি বাড়ছে।
হুয়াং আগামী ডিসেম্বরের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি, চীনা কমিউনিস্ট পার্টিবিষয়ক বিশেষ কমিটি এবং গোয়েন্দা কমিটির সামনে সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছেন।
এদিকে হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার চীন-সংশ্লিষ্ট ব্যবসা নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও তদন্ত শুরু করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এনভিডিয়া বর্তমানে এআই চিপের বৈশ্বিক বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোও ব্যাপকভাবে এনভিডিয়ার প্রযুক্তির ওপর নির্ভরশীল। ফলে নেতৃত্বে অস্থিরতা সত্ত্বেও প্রতিষ্ঠানটির আর্থিক ফল দেখাচ্ছে, ব্যবসায়িকভাবে এনভিডিয়া এখনো শক্ত অবস্থানে রয়েছে।

