প্যারিস, লন্ডন কিংবা নিউইয়র্কের মতো পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে নতুন কোনো শহর ঘুরে দেখতে চান? সে ক্ষেত্রে ভ্রমণের তালিকায় রাখতে পারেন ফ্রান্সের তুলুজ, ভিয়েতনামের হো চি মিন সিটি, পোল্যান্ডের ওয়ারশ, কলম্বিয়ার মেডেলিন ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। আধুনিক অবকাঠামো, ঐতিহাসিক স্থাপনা, স্থানীয় খাবার ও সংস্কৃতির বৈচিত্র্যে শহরগুলো হয়ে উঠছে নতুন অভিজ্ঞতার আকর্ষণীয় গন্তব্য।
অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের ২৮টি শহরকে ‘সিটিজ টু ওয়াচ’ বা নজর রাখার মতো শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও সুশাসনের বিভিন্ন সূচক বিবেচনায় এসব শহরের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এটি সরাসরি পর্যটন জনপ্রিয়তার তালিকা নয়। তবে শহরগুলোর পরিবর্তন ও নতুন অবকাঠামো পর্যটকদের জন্যও বাড়তি আকর্ষণ তৈরি করছে।
তুলুজ, ফ্রান্স
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর তুলুজ পরিচিত ‘পিংক সিটি’ নামে। লালচে ইটের ঐতিহাসিক ভবন, গারোন নদীর তীর এবং ক্যাফে ও রেস্তোরাঁর প্রাণবন্ত পরিবেশ শহরটিকে দিয়েছে আলাদা পরিচিতি। তবে তুলুজের বিশেষ আকর্ষণ এর মহাকাশ ও উড়োজাহাজশিল্প। এয়ারবাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় বিমান ও মহাকাশপ্রযুক্তিতে আগ্রহীদের জন্য শহরটি বেশ আকর্ষণীয়।
এখানে ঘুরে দেখা যায় ‘সিতে দ্য লেসপাস’ মহাকাশ জাদুঘর। সেখানে রকেট, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণার নানা বিষয় সম্পর্কে জানার সুযোগ রয়েছে। উড়োজাহাজের ইতিহাস ও প্রযুক্তি দেখতে যেতে পারেন অ্যারোস্কোপিয়া জাদুঘরে। সেখানে কনকর্ডসহ বিভিন্ন ঐতিহাসিক উড়োজাহাজের প্রদর্শনী রয়েছে। চাইলে এয়ারবাসের কারখানাও ঘুরে দেখার সুযোগ আছে।
হো চি মিন সিটি, ভিয়েতনাম
ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি আধুনিক নগরজীবন ও ঐতিহ্যের মিশেলে পর্যটকদের আকর্ষণ করছে। শহরটির পরিবর্তনের অন্যতম নিদর্শন মেট্রোরেল। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর চালু হওয়া প্রথম মেট্রো লাইনটি বেন থান থেকে সুয়ি তিয়েন পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৯ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এ পথে রয়েছে ১৪টি স্টেশন।
শহরটির কেন্দ্রীয় এলাকায় রয়েছে ফরাসি ঔপনিবেশিক আমলের স্থাপত্যের নিদর্শন সেন্ট্রাল পোস্ট অফিস ও সাইগন অপেরা হাউস। ইতিহাস জানতে ঘুরে দেখতে পারেন ওয়ার রেমন্টস মিউজিয়াম। অন্যদিকে, চো লোন এলাকার বাজার ও মন্দিরে পাওয়া যাবে স্থানীয় সংস্কৃতির ভিন্ন স্বাদ। খাবারের মধ্যে জনপ্রিয় বান মি স্যান্ডউইচ, কোম তাম বা ভাঙা চালের ভাত এবং বান সেও নামের মুচমুচে প্যানকেক।
ওয়ারশ, পোল্যান্ড
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ আধুনিক নগরজীবন ও ইতিহাসের এক অনন্য মিশ্রণ। অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের সূচকে শহরটি আগের বছরের তুলনায় ১০৯ ধাপ এগিয়ে ৬১তম অবস্থানে উঠে এসেছে। শহরটির জীবনমানের সূচকেও উল্লেখযোগ্য স্কোর রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ারশর ঐতিহাসিক কেন্দ্রের ৮৫ শতাংশের বেশি ধ্বংস হয়েছিল। যুদ্ধের পর স্থানীয় মানুষের উদ্যোগে পুরোনো শহরটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এই ঐতিহাসিক কেন্দ্র। শহর ঘোরার শুরুতে যেতে পারেন প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্সে। সেখানকার পর্যবেক্ষণস্থল থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায়। এরপর নোভি শভিয়ান্ত সড়ক ধরে পৌঁছানো যায় পুরোনো শহর ও রয়্যাল ক্যাসেলে। স্থানীয় খাবারের মধ্যে পোলিশ ডোনাট পঁচকি ও পিরোগি চেখে দেখতে পারেন।
মেডেলিন, কলম্বিয়া
কলম্বিয়ার পাহাড়ঘেরা শহর মেডেলিন একসময় সহিংসতার জন্য পরিচিত ছিল। গত কয়েক দশকে শহরটির পরিবহন, সংস্কৃতি ও নগরজীবনে পরিবর্তন এসেছে। পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত সহজ করতে চালু হয়েছে মেট্রোকেবল বা তারের মাধ্যমে চলা গণপরিবহন ব্যবস্থা। এর কেবিনে চড়ে ওপর থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায়।
পর্যটকদের অন্যতম আকর্ষণ কোমুনা ১৩ এলাকা। একসময় সংঘাতের সঙ্গে পরিচিত এই এলাকায় এখন দেয়ালচিত্র, সংগীত, নাচ ও স্থানীয় শিল্পের নানা আয়োজন দেখা যায়। স্থানীয় গাইডের সঙ্গে ঘুরলে দেয়ালচিত্রগুলোর পেছনের গল্প এবং এলাকার পরিবর্তনের ইতিহাস জানা যায়। শহরের কেন্দ্রস্থলে রয়েছে শিল্পী ফার্নান্দো বতেরোর ভাস্কর্যে সাজানো প্লাজা বতেরো। এ ছাড়া এল পবলাদো ও লরেলেস এলাকায় ক্যাফে, রেস্তোরাঁ ও স্থানীয় খাবারের দোকান রয়েছে।
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
তেলনির্ভর অর্থনীতির পরিচিতি ছাড়িয়ে আবুধাবি এখন শিল্প, প্রযুক্তি ও সংস্কৃতির নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি বাড়াচ্ছে। শহরটির অন্যতম আকর্ষণ সাদিয়াত সাংস্কৃতিক জেলা। এখানে রয়েছে লুভর আবুধাবি, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আবুধাবি এবং জায়েদ ন্যাশনাল মিউজিয়াম। প্রাকৃতিক ইতিহাস জাদুঘরটি ২০২৫ সালের ২২ নভেম্বর এবং জায়েদ ন্যাশনাল মিউজিয়াম একই বছরের ৩ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
এখানেই নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হতে যাচ্ছে গুগেনহাইম আবুধাবি। আধুনিক ও সমসাময়িক শিল্পকলার এই জাদুঘরটি ২০২৬ সালের ১১ ডিসেম্বর উদ্বোধনের কথা রয়েছে। স্থপতি ফ্র্যাঙ্ক গেরির নকশায় তৈরি ভবনটিতে ২৮টি প্রদর্শনী কক্ষ থাকবে। সাংস্কৃতিক স্থাপনার পাশাপাশি শহরটির সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন ও আধুনিক স্থাপত্যও পর্যটকদের আকর্ষণ করে।
আধুনিক নগরজীবন, ইতিহাস, খাবার কিংবা শিল্পকলার অভিজ্ঞতা, প্রতিটি শহরের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। তাই পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে নতুন কিছু দেখতে চাইলে এই পাঁচ শহর হতে পারে ভ্রমণের তালিকায় রাখার মতো গন্তব্য।

