প্রয়াণ দিবসে শ্রদ্ধা
বাংলা গানের জগতে কিছু মানুষ আসেন, যাঁরা কেবল গান গেয়ে শ্রোতার হৃদয় জয় করেন না, বরং নিজেদের চিন্তা, জীবনবোধ, সৃষ্টিশীলতা ও ব্যক্তিত্ব দিয়ে একটি সময়কে প্রভাবিত করেন। সঞ্জীব চৌধুরী ছিলেন তেমনই এক বিরল প্রতিভা। সংগীতশিল্পী, গীতিকার, কবি, গল্পকার ও সাংবাদিক—বহুমাত্রিক পরিচয়ের এই মানুষটি স্বল্পায়ু জীবনে রেখে গেছেন এক সমৃদ্ধ সৃষ্টির জগৎ।
আজ ১৯ নভেম্বর, জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলা গানের স্বতন্ত্র কণ্ঠস্বর সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তবে তাঁর গান, লেখনী, জীবনবোধ ও প্রতিবাদী উচ্চারণ আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে সংগীতপ্রেমী ও সংস্কৃতিমস্ক মানুষের হৃদয়ে।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম নেওয়া সঞ্জীব চৌধুরী ছিলেন মেধা ও সৃজনশীলতার এক অসাধারণ সমন্বয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই মেধাতালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে গণিত বিভাগে ভর্তি হলেও পরে চলে আসেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখান থেকেই সম্পন্ন করেন স্নাতক ও স্নাতকোত্তর। পেশাগত জীবনে যুক্ত হন সাংবাদিকতায়। কাজ করেছেন ভোরের কাগজ ও আজকের কাগজের মতো গুরুত্বপূর্ণ সংবাদপত্রে।
সাংবাদিক হিসেবে সঞ্জীব চৌধুরীর পরিচয় ছিল স্বতন্ত্র। বিশেষ করে ফিচার লেখায় তাঁর দক্ষতা, ভাষার ব্যবহার, ছোট বাক্যে গভীর বক্তব্য তুলে ধরার ক্ষমতা এবং বিষয় নির্বাচনে সৃজনশীলতা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছিল। শুধু নিজেই লিখতেন না, নতুন সাংবাদিকদের হাতেকলমে শেখাতেন লেখার কৌশল, শব্দের ব্যবহার, সাক্ষাৎকার গ্রহণ ও ফিচার নির্মাণের নানা দিক। বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে তাঁর হাতে গড়ে ওঠা অনেক সাংবাদিক পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন।
সংগীতের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। আশির দশক থেকেই গান ও কবিতার চর্চা করলেও দীর্ঘদিন তিনি নিজেকে প্রকাশের ক্ষেত্রে ছিলেন অনেকটা নির্লিপ্ত। নব্বইয়ের দশকের মাঝামাঝি বাপ্পা মজুমদারের সঙ্গে তাঁর সংগীতযাত্রা নতুন মাত্রা পায়। ১৯৯৬ সালে গড়ে ওঠে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম ‘আহ্’। এরপর দলছুটের গান বাংলা ব্যান্ডসংগীতে তৈরি করে স্বতন্ত্র এক ধারা।
সঞ্জীব চৌধুরীর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘হৃদয়পুর’, ‘সমুদ্র সন্তান’ ও ‘জোছনা বিহার’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর গানে প্রেম, বিরহ, নাগরিক জীবনের গল্প, দর্শন ও জীবনবোধ এমনভাবে মিশে থাকত, যা শ্রোতাকে একই সঙ্গে আবেগাপ্লুত ও ভাবুক করে তুলত। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর গানের আবেদন ফুরায়নি। আজও তাঁর কণ্ঠে গাওয়া গানগুলো বাংলা সংগীতের ভুবনে স্বতন্ত্র আবেগ ও ভালোবাসার জায়গা ধরে রেখেছে।
সঞ্জীব চৌধুরীর গান ছিল গতানুগতিক প্রেম কিংবা বিরহের বর্ণনার বাইরে। তাঁর গানে মিশে থাকত জীবনদর্শন, নাগরিক জীবনের জটিলতা, মানুষের মনস্তত্ত্ব, প্রেম, বিষাদ, প্রতিবাদ ও সমাজবাস্তবতা। শব্দের সঙ্গে সুরের এমন এক মেলবন্ধন তৈরি করতেন তিনি, যা শ্রোতাকে শুধু বিনোদিত করত না, ভাবতেও শেখাত। তাঁর কণ্ঠের স্বাতন্ত্র্য, গানের কথার গভীরতা এবং পরিবেশনার নিজস্ব ধরন তাঁকে বাংলা গানের ইতিহাসে আলাদা পরিচিতি দিয়েছে।
গানের পাশাপাশি কবিতা ও ছোটগল্পও লিখেছেন সঞ্জীব। বিভিন্ন ছোট কাগজে প্রকাশিত হয়েছে তাঁর নিরীক্ষাধর্মী গল্প। তাঁর গদ্যের পরিচয় পাওয়া যায় ‘রাশপ্রিন্ট’ গ্রন্থে। সংগীতের জগতে প্রবেশের পর কবিতার চর্চা কিছুটা কমলেও তাঁর কাব্যিক সত্তা হারিয়ে যায়নি; বরং তাঁর গানের কথায় সেই সৃজনশীলতারই প্রকাশ ঘটেছে বারবার।
ব্যক্তিজীবনে ছিলেন প্রাণচঞ্চল, আড্ডাপ্রিয়, অথচ প্রচারবিমুখ। বড় বড় সভা-সমাবেশ কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে বন্ধুদের আড্ডায়, সহকর্মীদের সঙ্গে সময় কাটানোতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সাংবাদিকতার ব্যস্ত অফিসকক্ষেও টেবিলে তবলার বোল তুলে গান গেয়ে সহকর্মীদের মাতিয়ে রাখতেন। তাঁর জীবনযাপন ছিল প্রথাগত ছকের বাইরে। সংগীত ও সাংবাদিকতার দুই জগতেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন আপন প্রতিভা ও ব্যক্তিত্বের শক্তিতে।
তবে সঞ্জীব চৌধুরী কেবল প্রেম ও জীবনবোধের গানের শিল্পী ছিলেন না; তাঁর মধ্যে ছিল স্পষ্ট প্রতিবাদী সত্তাও। ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি কনসার্টে গান পরিবেশনের সময় শ্রোতাদের উদ্দেশে তিনি প্রশ্ন তুলেছিলেন, “কর্নেল তাহেরকে কে খুন করেছিল? চিৎকার করে বলেন, বিবেক দিয়ে বলেন।”
এই উচ্চারণ তাঁর চিন্তা ও বিবেকনির্ভর অবস্থানের একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। সংগীতের মঞ্চকেও তিনি কখনো কখনো ইতিহাস, অন্যায় ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার পরিসর হিসেবে ব্যবহার করেছেন।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের একটি দেয়ালে তাঁর প্রতিকৃতি আঁকা হয়েছিল। উদ্যোগটি নতুন প্রজন্মের কাছে এই শিল্পীকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুন্দর সাংস্কৃতিক প্রয়াস হিসেবে প্রশংসিত হয়। কিন্তু পরে সেই প্রতিকৃতি মুছে ফেলার ঘটনায় তৈরি হয়েছে প্রশ্ন ও আক্ষেপ। কেন একজন প্রয়াত শিল্পীর প্রতিকৃতি মুছে ফেলা হলো, কার সিদ্ধান্তে এবং কী কারণে – এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকা জরুরি। এর পেছনের কারণ না জেনে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।
তবে একটি বিষয় স্পষ্ট, দেয়াল থেকে ছবি মুছে ফেললেই মানুষের স্মৃতি থেকে একজন শিল্পীকে মুছে ফেলা যায় না। বরং এমন ঘটনা নতুন প্রজন্মের মধ্যে তাঁর জীবন, কর্ম ও প্রতিবাদী সত্তা নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি করতে পারে।
আজকের জেন-জি প্রজন্মের অনেকের কাছেই হয়তো সঞ্জীব চৌধুরী অপরিচিত নাম। কিন্তু বাংলা গানের ইতিহাস, নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের বিকাশ কিংবা বাংলাদেশের সাংবাদিকতার সৃজনশীল ধারার ইতিহাস জানতে গেলে তাঁকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি একই জীবনে গান লিখেছেন, সুরের জগৎ সমৃদ্ধ করেছেন, সাংবাদিকতা করেছেন, নতুন প্রজন্মকে শিখিয়েছেন এবং নিজের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।
তাঁর একটি বহুল আলোচিত উক্তি, “সংগীত আমাকে ভাসিয়ে দেয়, সাংবাদিকতা আমাকে মাটিতে নামিয়ে রাখে।” কথাটির মধ্যেই যেন ধরা পড়ে তাঁর জীবনের দুই ভুবনের অসাধারণ সমন্বয়।
মাত্র ৪২ বছরের জীবনে সঞ্জীব চৌধুরী যে সৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন, তা দীর্ঘায়ুর অনেক মানুষের কাছেও ঈর্ষণীয়। সময়ের হিসাবে তিনি স্বল্পায়ু, কিন্তু সৃষ্টির বিচারে তিনি দীর্ঘজীবী। তাঁর গান নতুন প্রজন্মকে শোনাতে হবে, তাঁর লেখা পড়তে হবে, তাঁর সাংবাদিকতার কাজ সংরক্ষণ করতে হবে। কারণ একজন শিল্পীকে স্মরণ করার সবচেয়ে কার্যকর উপায় শুধু তাঁর প্রতিকৃতিতে ফুল দেওয়া নয়, তাঁর সৃষ্টিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
১৯ নভেম্বর, প্রয়াণ দিবসে এই ক্ষণজন্মা কৃতিপুরুষের প্রতি গভীর শ্রদ্ধা।
ভালো থাকবেন সঞ্জীবদা।
আপনার গান থামেনি, আপনার শব্দ হারিয়ে যায়নি। বাংলা গানের আকাশে আপনি আজও এক উজ্জ্বল নক্ষত্র।

