যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের বড় ধরনের ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া এখন পর্যন্ত বেশ সংযত। তবে সংযমের জন্য পরিচিত নন ট্রাম্প। তাই এখনই তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। তা না হলে তিনি এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালাতে পারেন, যা পুরো বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে। কারণ, ট্রাম্প মনে করেন, বিশ্ব হয় তাকে ব্যর্থ করেছে, নয়তো তাকে একজন ‘পরাজিত’ হিসেবে চিহ্নিত করেছে।
এমনটাই মনে করেন ফরেনসিক মনোরোগ বিশেষজ্ঞ ও সহিংসতা বিষয়ে বিশেষজ্ঞ ড. বান্ডি এক্স লি। ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলে আসছেন লি। নিউইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বই দ্য ডেঞ্জারাস কেস অব ডোনাল্ড ট্রাম্প-এর সম্পাদক তিনি। গত এপ্রিলেও যুক্তরাষ্ট্রের ৩৬ জন শীর্ষস্থানীয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের একটি দলের সঙ্গে বিবৃতি দিয়েছিলেন লি। ওই বিবৃতিতে ট্রাম্পের ক্রমবর্ধমান অস্বাভাবিক আচরণের কথা উল্লেখ করে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
নির্যাতনমূলক সম্পর্কে থাকা কোনো নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক সময় হলো, যখন তিনি তার সহিংস সঙ্গীকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রও ট্রাম্পের রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ নিয়েছে। ট্রাম্পের রাজনীতিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে দেশটি। কিন্তু এরপরই আসে সেই সময়, যা নির্যাতনের শিকার প্রত্যেকেই সবচেয়ে বেশি ভয় পান। সেটি হলো প্রতিশোধ ও পাল্টা আক্রমণের সময়। ড. লির মতে, এখন ট্রাম্পকে নিয়ন্ত্রণে রাখা না হলে তিনি যেকোনো কিছু করে বসতে পারেন।
আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপে ‘ডায়েরি অব আ সিইও’ নামের পডকাস্টে কথা বলেছেন। তিনি বলেন, জানুয়ারি মাসে হাজার হাজার ডেমোক্র্যাট রাজনীতিকের শপথ গ্রহণের আগ পর্যন্ত আমরা জীবনের সবচেয়ে বিপজ্জনক আট সপ্তাহে প্রবেশ করতে যাচ্ছি।
পেপের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের ভাগ্য নির্ধারণ করেছে। আর ক্ষমতা হস্তান্তরের সময়টিই সবচেয়ে বিপজ্জনক। তিনি বলেন, ‘আমরা ৬ জানুয়ারির ঘটনা দেখেছি। তাই ক্ষমতা হস্তান্তরের এই সময়ে যা ঘটতে পারে, তা সহজেই ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনের পর তিনি সংঘাত আরও বাড়াবেন। আর এখন আমরা নির্বাচন-পরবর্তী সময়ে রয়েছি।’

নির্বাচনে পরাজয়ের পর সরাসরি টেলিভিশনে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচন নিয়ে কোনো কথাই বলেননি। বরং তিনি ২০ মিনিট ধরে সাংবাদিকদের এমন একটি নির্মাণাধীন ভবন ঘুরিয়ে দেখান, যেখানে একসময় হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ ছিল। সেখানে তিনি একটি বিশাল নৃত্য ও অনুষ্ঠান আয়োজনের হল তৈরি করছেন। সাংবাদিকদের তিনি জানান, তার নির্মাণাধীন এই হলটি হবে ওয়াশিংটনের সবচেয়ে নিরাপদ স্থান। এ সময় তিনি ভবনটির একটি ভারবহনকারী ইস্পাতের বিমে ‘ভালোবাসা!’ লিখে নিজের স্বাক্ষরও করেন।
পরাজয়ের অনুভূতি ও প্রতিশোধের আশঙ্কা
লির মতে, এটি ছিল একটি লক্ষণ। নির্বাচনের ফলাফল এবং নিজেকে পরাজিত হিসেবে দেখার বিষয়টি ট্রাম্পের জন্য এতটাই কষ্টকর যে তিনি সেটির মুখোমুখি হতে পারছেন না। লি বলেন, ‘সম্ভবত এই অনুষ্ঠান হলের মধ্যেই তিনি স্বস্তি খুঁজে পাচ্ছেন। সেখানে তিনি নিরাপত্তা ও ভালোবাসার কথা বলছেন।’
লির মতে, ভালোবাসা এমন একটি বিষয়, যা ট্রাম্প সারা জীবন চেয়েছেন, কিন্তু কখনো পাননি। তিনি বলেন, ‘ট্রাম্পের প্রকৃত ক্ষোভ আসলে তার বাবা-মায়ের প্রতি। দুই বছর বয়সে তার যে যত্ন ও প্রয়োজন ছিল, বাবা-মা তা দিতে পারেননি। কিন্তু সেই ক্ষোভ এখন পুরো বিশ্বের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। এখন পুরো পৃথিবীই তার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।’
দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে লি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার হাতে অবাধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন।
লি বলেন, ‘পারমাণবিক অস্ত্রের প্রতি তার অত্যন্ত বেশি আকর্ষণ রয়েছে। কিন্তু এসব অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে তার যথাযথ ধারণা নেই। তার কাছে এগুলো কেবল আরও বড় আকারের বোমা। অথচ এমন কোনো পরিস্থিতি নেই, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেও আমাদের পরিচিত জীবনব্যবস্থার ভয়াবহ পরিণতি ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘এখন তাকে নিয়ন্ত্রণে রাখা না হলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। ইরানের বিরুদ্ধে পরাজয়ে তিনি ক্ষুব্ধ। একই সঙ্গে নিজেকে একজন পরাজিত হিসেবে দেখানোর হাত থেকে নিজের ভাবমূর্তি রক্ষা করতে তিনি মরিয়া হয়ে উঠবেন।’
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল বেশ শান্ত ও আপাতদৃষ্টিতে মেনে নেওয়ার মতো। এমনকি ফক্স নিউজের স্টুডিওতে ফোন করে তিনি উপস্থাপকদের বলেছিলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে ‘অনেক বিষয়ে’ কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন।
ট্রাম্পের এই সংযত প্রতিক্রিয়ার কারণে লি মনে করেন, তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যুক্তরাষ্ট্রের হাতে এখন খুবই সীমিত সময় রয়েছে। এই সময়ে এমন কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব, যার মাধ্যমে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছাড়াই ট্রাম্পকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।
লি বলেন, ‘এ পর্যায়ে তাকে সঠিকভাবে সামলানোর উপায় হলো, তার ওপর সীমাবদ্ধতা আরোপ অব্যাহত রাখা। যতক্ষণ না তার লক্ষ্যগুলো আরও বাস্তবসম্মত হয়ে ওঠে, ততক্ষণ এভাবে চলতে হবে। এরপর ছোট ছোট অর্জনের মাধ্যমে তাকে সন্তুষ্টি অনুভব করতে সহায়তা করতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা হয়তো লক্ষ করেছেন, অন্য মানুষের যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, ট্রাম্পেরও তেমনি প্রশংসা ও অতিরিক্ত তোষামোদ প্রয়োজন। এর ফলে আশপাশের মানুষ তাকে সব সময় খুশি রাখার চেষ্টা করেন। তার সঙ্গে অত্যন্ত সতর্ক আচরণ করেন। এমনকি তার জন্য অপ্রয়োজনীয়ভাবে বারবার জ্ঞানীয় সক্ষমতা পরীক্ষার আয়োজন করেন।’
এ ধরনের পরীক্ষার একটি হলো ‘মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট’ বা মোসিএ। ট্রাম্প বারবার দাবি করেছেন, এই পরীক্ষায় তিনি ৩০-এর মধ্যে ৩০ নম্বর পেয়েছেন। তাকে বলা হয়, এই পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার অর্থ তিনি অত্যন্ত মেধাবী।
লির বিশ্বাস, ট্রাম্পের মনের একটি অংশ হয়তো অবচেতনভাবেই মনে করে, তিনি কিংবা তার অনুসারী রিপাবলিকানরা আসলে নির্বাচনে জয়ের যোগ্য ছিলেন না। কিন্তু এই কষ্টকর অনুভূতি আড়াল করতে তিনি এমন একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যেন তাকে কখনোই পরাজিত করা সম্ভব নয়।

লি বলেন, ‘এ ধরনের বিভ্রমের উৎপত্তিও এখান থেকেই। বাস্তবতা তার কাছে এতটাই অসহনীয় যে তিনি নিজেকে এবং অন্যদের মিথ্যা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিজেই নিজের বলা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করতে থাকেন।’
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হোয়াইট হাউসের ইস্ট রুমে ছিলেন ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাতে ট্রাম্প অভিযোগ করেন, তার উপদেষ্টারা তাকে ভুল নির্বাচনি হিসাব দিয়েছিলেন।
ট্রাম্পের আশপাশের লোকজন তাকে যা শুনতে ভালো লাগে, সেটিই বলে নিজেদের অবস্থান টিকিয়ে রাখেন। তবে লির মতে, এই মুহূর্তে ট্রাম্প তাদের ওপর ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা কম। কারণ, তারা তাকে যা শুনতে ভালো লাগে, তা-ই শুনিয়েছেন। বরং তিনি ভবিষ্যতেও তাদের কাছ থেকে একই ধরনের আচরণ প্রত্যাশা করবেন।
লি বলেন, ‘একজন সুস্থ মানুষ তাকে সত্য কথা না বলার জন্য আশপাশের লোকজনের ওপর ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তেমন নন। তিনি তাদের এমন মানুষ হিসেবে দেখবেন, যারা তার কষ্টের সময়ে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং মানসিকভাবে স্বস্তি দিয়েছেন। তবে তারা যখন আর তাকে এভাবে সান্ত্বনা দেবেন না, তখনই তাদের ওপর তার ক্ষোভ তৈরি হবে। শেষ পর্যন্ত তার আশপাশের সবাই এই ক্ষোভের শিকার হতে পারেন।’
মধ্যপ্রাচ্য ও পারমাণবিক হামলার শঙ্কা
এদিকে বাস্তব চিত্রে দেখা গেছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই জয় পেয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের সিনেট থেকে শুরু করে লেফটেন্যান্ট গভর্নর পর্যন্ত সব অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনে জয় পেয়েছে দলটি। ৩০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটল। এ ছাড়া কানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।
এর ফলে এক প্রজন্মের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই বিপুল পরাজয়, রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি এবং পরবর্তী সময়ে একাকিত্বের কারণে ট্রাম্প কি আরও ভঙ্গুর ও অস্থির হয়ে উঠবেন?
দ্য ইনডিপেনডেন্টকে লি বলেন, ‘এর ফলাফল দুই ধরনেরই হতে পারে। তার আত্মরক্ষার মানসিক অবস্থান দুর্বল হয়ে পড়া এবং আবারও আরও তীব্রভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার মধ্যবর্তী সময়টি সত্যিই খুব সংক্ষিপ্ত।’
ট্রাম্পের এই সম্ভাব্য বিপজ্জনক আচরণ কেমন হতে পারে, সে বিষয়ে লি মনে করেন, সব লক্ষণই মধ্যপ্রাচ্যের দিকে ইঙ্গিত করছে।
তিনি বলেন, ‘ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। সাধারণ বোমা দিয়ে এসব ঘাঁটি ধ্বংস করা সম্ভব নয় বলে ধারণা করা হয়। অবশ্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এখনো পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়নি। কিন্তু বাস্তব তথ্য এখানে গুরুত্বপূর্ণ নয়। তাই পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকানোর অজুহাতে ট্রাম্প এসব ঘাঁটিতে পারমাণবিক হামলা চালাতে পারেন।’
শুধু লিই নন, ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আরও অনেকে উদ্বিগ্ন।
ডানপন্থী টেলিভিশন ভাষ্যকার টাকার কার্লসনও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলতি বছরের শুরুর দিকে ইরান ইস্যুতে প্রকাশ্যে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। গত সপ্তাহে কার্লসন দাবি করেন, ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কয়েকটি সূত্র তাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘কয়েক দিনের মধ্যেই পারমাণবিক হামলা চালাতে পারে’।
তার দাবি অনুযায়ী, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন হতে পারে এই হামলার লক্ষ্যবস্তু। ধারণা করা হয়, সেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির একটি কেন্দ্র রয়েছে।

এদিকে ব্রিটিশ পারমাণবিক বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস এ সপ্তাহে দ্য ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, এমন একটি পারমাণবিক হামলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
তিনি বলেন, ‘হামলার কাছাকাছি এলাকায় থাকা মানুষ তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যাবে। আর বিস্ফোরণের তাৎক্ষণিক প্রভাবের বাইরে থাকা মানুষও ভয়াবহ বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের শিকার হবে। পাশাপাশি তাদের শরীরে বিপুল মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। পরবর্তী কয়েক সপ্তাহে তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট অসুস্থতায় অনেক মানুষের মৃত্যু হবে।’
ট্রাম্পের ঘনিষ্ঠদের ভূমিকা ও ক্ষমতার সমীকরণ
এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের সিদ্ধান্ত নিতে হবে, তাদের ভবিষ্যৎ কোথায়। তারা কি একজন রাজনৈতিকভাবে বিপর্যস্ত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ থেকে নিজেদের অবস্থান ধরে রাখবেন, নাকি তার কাছ থেকে দূরত্ব তৈরি করবেন?
ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসনবিরোধী নীতির অন্যতম পরিকল্পনাকারী স্টিফেন মিলার হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এই পরিবর্তনকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন। তাদের ধারণা, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প পরাজয় মেনে নেওয়া বা পিছু হটার কোনো মানসিকতা দেখাচ্ছেন না। বরং তিনি নিজের অবস্থানে আরও কঠোর হচ্ছেন।
ড. লি যে পদক্ষেপের কথা বলছেন, তাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা। এর জন্য হোয়াইট হাউসে এখনো যথেষ্টসংখ্যক বিচক্ষণ ও দায়িত্বশীল মানুষের উপস্থিতি প্রয়োজন। তাদের এমন একজন মানুষকে ব্যস্ত ও শান্ত রাখতে হবে, যিনি ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করছেন। এজন্য তাকে প্রশংসা করা, ছোটখাটো সাফল্যের অনুভূতি দেওয়া কিংবা কয়েক দফা গলফ খেলার সুযোগ করে দেওয়ার মতো কৌশল নেওয়া যেতে পারে। এসব করতে হবে নতুন কংগ্রেসের সদস্যদের শপথ গ্রহণের আগেই।
তবে সুসি ওয়াইলসের পরিবর্তে স্টিফেন মিলারের দায়িত্ব গ্রহণের বিষয়টি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ক্ষমতার শেষ সময়ে এসে ট্রাম্প তার নীতিগত কর্মসূচি থেকে সরে আসবেন না। বরং তার নীতিগুলো আরও কঠোর হতে পারে। একই সঙ্গে উগ্র ট্রাম্পপন্থী সমর্থকদের আগের চেয়ে বেশি পুরস্কৃত ও গুরুত্ব দেওয়া হতে পারে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

