Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এক কলসি পানি থেকে আন্তালিয়া: ঋণ নয়, প্রাপ্য চাই
    মতামত

    এক কলসি পানি থেকে আন্তালিয়া: ঋণ নয়, প্রাপ্য চাই

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ড. নাছির উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য গবেষক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্যারিস চুক্তির দশ বছরের হিসাব সামনে রেখে কপ৩১-এ বাংলাদেশের কী চাওয়া উচিত এবং কীভাবে তা আদায় করতে হবে…

    শুষ্ক মৌসুমে সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় অঞ্চলে অনেক নারীর সকাল শুরু হয় খাবার পানির সন্ধানে। নদী, পুকুর ও অনেক এলাকার ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা স্বাভাবিক মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। বিশেষ করে সাতক্ষীরা ও আশপাশের উপকূলীয় এলাকায় কোথাও কোথাও খাবার পানিতে স্বাভাবিক মাত্রার তুলনায় চার থেকে পাঁচ গুণ, এমনকি তারও বেশি লবণাক্ততা দেখা যায়। এসব এলাকার অনেক নারীকে নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয়। ফলে প্রতিদিনের পানির চাহিদা মেটানোই তাঁদের জন্য এক কঠিন সংগ্রাম। দাকোপে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, পানির লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে গর্ভকালীন উচ্চ রক্তচাপ ও প্রি-এক্ল্যাম্পসিয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে। অর্থাৎ, নোনা পানির প্রভাব শুধু তৃষ্ণা মেটানোর সংকটেই সীমাবদ্ধ নয়; তা পৌঁছে যাচ্ছে মায়ের স্বাস্থ্য ও গর্ভের সন্তানের কাছেও।

    এই সংকটের পেছনে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাব। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, গত তিন দশকে উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার বেড়েছে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অতিরিক্ত তাপমাত্রাজনিত শারীরিক ও মানসিক সমস্যার কারণে বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান এক শতাংশেরও অনেক কম। যে সংকট তৈরিতে বাংলাদেশের ভূমিকা সামান্য, তার সবচেয়ে কঠিন প্রভাব ভোগ করছেন উপকূলের সেই নারী, যিনি প্রতিদিন ভোরে এক কলসি পানির জন্য কয়েক কিলোমিটার হাঁটেন। তাই আন্তালিয়ায় কপ৩১-এর প্রতিটি আলোচনা ও সিদ্ধান্তের মূল্যায়ন হওয়া উচিত এই বাস্তবতার নিরিখে।

    “জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় সামান্য, অথচ এর সবচেয়ে ভয়াবহ প্রভাব বহন করতে হচ্ছে আমাদের উপকূলের সাধারণ মানুষকে। তাই কপ৩১-এ বাংলাদেশের দাবি শুধু আরও অর্থায়ন নয়; বরং ন্যায্য অধিকার, প্রতিশ্রুত অনুদান এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা। জলবায়ু অর্থায়ন ঋণের বোঝা হয়ে নয়, মানুষের জীবন ও জীবিকা রক্ষার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সাতক্ষীরার একজন নারীকে যদি এক কলসি নিরাপদ পানির জন্য আর কয়েক কিলোমিটার হাঁটতে না হয়, সেটিই হবে জলবায়ু ন্যায়বিচারের প্রকৃত সাফল্য।”
    — ড. নাছির উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য গবেষক

    দশ বছর আগে প্যারিস চুক্তির মধ্য দিয়ে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছিল। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা হবে এবং তা ১.৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার চেষ্টা চলবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০২১ সালে গ্লাসগো জলবায়ু সম্মেলনে অভিযোজনের জন্য অর্থায়ন দ্বিগুণ করার আহ্বান জানানো হয়। কিন্তু জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক অভিযোজন অর্থায়ন ২০২২ সালের প্রায় ২৮ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে কমে ২৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

    ২০২২ সালে শার্ম আল-শেখ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ সেই তহবিল কার্যক্রম শুরু করে। একই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে একটি ঐতিহাসিক সমঝোতাও হয়। তবে কত দ্রুত এবং কোন সময়সীমার মধ্যে এই রূপান্তর ঘটবে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট বৈশ্বিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের বাকু সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। আর ২০২৫ সালের বেলেম সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার আহ্বান জানানো হয় এবং ৫৯টি অভিযোজন সূচক গ্রহণ করা হয়। কিন্তু এই তিন গুণ বৃদ্ধির হিসাব কোন ভিত্তিবছরের অর্থায়নের ওপর নির্ভর করবে, তা এখনো স্পষ্ট নয়। অর্থাৎ, একের পর এক প্রাতিষ্ঠানিক কাঠামো ও প্রতিশ্রুতি তৈরি হলেও বাস্তবে অর্থের প্রবাহ সেই অনুপাতে বাড়েনি।

    আমাদের জলে লবণ
    আমাদের জলে লবণ। ছবি: সংগৃহীত

    এই ব্যবধানের চিত্র আরও স্পষ্ট হয় অর্থের হিসাব দেখলে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ২০২৬ সালের অভিযোজন ঘাটতি প্রতিবেদনের বরাতে দেশের গণমাধ্যম জানিয়েছে, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে বছরে প্রয়োজন হবে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলোর কাছ থেকে এসেছে মাত্র ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলার। বেলেমে ঘোষিত তিন গুণ অর্থায়নের লক্ষ্য পূরণ হলেও তা মোট প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ মেটাতে পারবে। ক্ষয়ক্ষতি তহবিলের ক্ষেত্রেও একই ধরনের ঘাটতি রয়েছে। এ পর্যন্ত প্রায় ৮২২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এলেও নগদ অর্থ জমা পড়েছে তার প্রায় অর্ধেক। নাগরিক সমাজের বিভিন্ন হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতি মোকাবিলায় বার্ষিক প্রয়োজন এর তুলনায় অনেক বেশি—প্রায় ৪০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

    বাংলাদেশের নিজস্ব হিসাবও এই বৈশ্বিক বাস্তবতার বাইরে নয়। এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক ধারার তুলনায় বাংলাদেশ ২০.৩১ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। এর মধ্যে ৬.৩৯ শতাংশ নিজস্ব অর্থায়নে এবং বাকি ১৩.৯২ শতাংশ আন্তর্জাতিক সহায়তা পেলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে মোট প্রয়োজন ১১৬.১৮ বিলিয়ন ডলার, যার মধ্যে ৯০.২৩ বিলিয়ন ডলারই আন্তর্জাতিক সহায়তানির্ভর। অন্যদিকে, জাতীয় অভিযোজন পরিকল্পনায় ২০৫০ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য ১১৩টি কার্যক্রম চিহ্নিত করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ২৩০ বিলিয়ন ডলার। এনডিসি ৩.০ অনুযায়ী, অভিযোজন কার্যক্রমে বছরে বাংলাদেশের প্রয়োজন প্রায় ৮.৫ বিলিয়ন ডলার। অথচ বর্তমানে অর্থায়নের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার, যার ৮৮ শতাংশই আসছে দেশের নিজস্ব বাজেট থেকে। অর্থাৎ, জলবায়ু সংকট তৈরিতে বাংলাদেশের দায় সীমিত হলেও এর মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের বড় অংশ বাংলাদেশকেই নিজস্ব সম্পদ থেকে জোগাতে হচ্ছে।

    এই বাস্তবতায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কী অবস্থান নিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। পরিবেশমন্ত্রী আবদুল আওয়াল মিন্টুর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ অভিযোজন অর্থায়ন তিন গুণ বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলায় বড় আকারের তহবিল, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রার জন্য সুনির্দিষ্ট সূচক ও পর্যাপ্ত অর্থায়ন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার দাবি তুলবে। সরকার আরও বলছে, জলবায়ু অর্থায়ন ঋণনির্ভর না হয়ে অনুদানভিত্তিক হওয়া উচিত। মন্ত্রী বিশ্বব্যাংকের একটি হিসাবের বরাতে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বছরে প্রায় ১৫.২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই ক্ষতির বিষয়টিও আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হবে।

    উপকূলীয় নারী এবং পানির জন্য তাদের বিষণ্ণ পদচারণা
    উপকূলীয় নারী এবং পানির জন্য তাদের বিষণ্ণ পদচারণা – ছবি: সংগৃহীত

    প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়ে ১২ নভেম্বর বিকেল পর্যন্ত সম্মেলনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন। দেশের অভ্যন্তরেও জলবায়ু কূটনীতি ও পরিবেশ ব্যবস্থাপনায় কিছু নতুন উদ্যোগ দেখা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক জলবায়ু উইং গঠন করা হয়েছে। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করেছে। সুন্দরবনের জন্যও দশ বছর মেয়াদি সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে পরিকল্পনা ঘোষণা আর তার বাস্তবায়ন এক বিষয় নয়। সরকারি নার্সারিগুলোতে বছরে গড়ে প্রায় ৭৫ লাখ চারা উৎপাদনের সক্ষমতা এবং রোপণের পর সেগুলো বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। মনে রাখতে হবে, একটি গাছ তখনই উপকূলের সুরক্ষাবর্ম হয়ে ওঠে, যখন সেটি টিকে থাকে এবং বড় হয়।

    বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা পেছানোর সিদ্ধান্তের মাধ্যমে। জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের উত্তরণের সময় ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত পিছিয়ে দিয়েছে। ফলে স্বল্পোন্নত দেশগুলোর জন্য নির্ধারিত বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও সহায়তার সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশ আরও তিন বছর সময় পাচ্ছে। এই সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে না পারলে তা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারানোর শামিল হবে।

    সরকারের দাবিগুলো যৌক্তিক হলেও আন্তর্জাতিক আলোচনার টেবিলে একসঙ্গে অনেক দাবি তুলে ধরলে সুনির্দিষ্ট ফল পাওয়া কঠিন হতে পারে। আমার বিবেচনায়, বাংলাদেশকে একটি কেন্দ্রীয় দাবিকে সামনে রাখতে হবে: জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক, পরিমাপযোগ্য, পূর্বানুমেয় এবং সরাসরি স্থানীয় পর্যায়ে পৌঁছানোর উপযোগী। এই দাবির পক্ষে তিনটি গুরুত্বপূর্ণ হিসাব তুলে ধরা যেতে পারে।

    সৌরবিদ্যুৎ বাংলাদেশের তৃষ্ণার্ত উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানি এনেছে
    সৌরবিদ্যুৎ বাংলাদেশের তৃষ্ণার্ত উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানি এনেছে। ছবি: সংগৃহীত

    প্রথমত, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের জন্য বছরে ৩০৫ বিলিয়ন ডলারের প্রয়োজনের বিপরীতে বর্তমানে ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলারের অর্থায়ন আসছে। এই ব্যবধান প্রমাণ করে, শুধু তিন গুণ অর্থায়নের ঘোষণা দিয়ে বাস্তব চাহিদা পূরণ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত বার্ষিক অর্থনৈতিক ক্ষতির হিসাব আন্তর্জাতিক আলোচনায় তথ্য-প্রমাণসহ তুলে ধরতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের এনডিসি বাস্তবায়নে প্রয়োজনীয় ৯০.২৩ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তাকে শুধু বাংলাদেশের অর্থের চাহিদা হিসেবে নয়, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা যাচাইয়ের একটি মানদণ্ড হিসেবে উপস্থাপন করতে হবে। এই অর্থায়ন না এলে সংশ্লিষ্ট ঘাটতিকে বাংলাদেশের বাস্তবায়ন ব্যর্থতা হিসেবে নয়, বরং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে ঘাটতি হিসেবে চিহ্নিত করতে হবে।

    এই দাবি আদায়ের জন্য বাংলাদেশের কূটনৈতিক কৌশলও সুসংগঠিত হওয়া দরকার। স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে ‘ঋণ নয়, অনুদান’—এই অবস্থান তুলে ধরতে হবে। বেলেম সম্মেলনে শুরু হওয়া জলবায়ু অর্থায়নবিষয়ক দুই বছরের কর্মসূচি এবং প্যারিস চুক্তির অর্থায়ন-সংক্রান্ত বাধ্যবাধকতাকে আলোচনার আইনি ও নীতিগত ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

    আলোচনার ফলাফল অর্জনের জন্য দুটি স্তরের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। ন্যূনতম লক্ষ্য হবে অভিযোজন অর্থায়ন তিন গুণ বৃদ্ধির ক্ষেত্রে একটি সুস্পষ্ট ভিত্তিবছর নির্ধারণ, মোট অর্থায়নের মধ্যে অনুদানের অংশ কত হবে তা স্পষ্ট করা এবং ক্ষয়ক্ষতি তহবিলের নিয়মিত ও পূর্বানুমেয় অর্থপ্রাপ্তি নিশ্চিত করা। আরও উচ্চাভিলাষী লক্ষ্য হতে পারে স্থানীয় সরকার, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং স্থানীয় পর্যায়ের জলবায়ু অভিযোজন উদ্যোগগুলোর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

    তবে শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের জবাবদিহি দাবি করলেই হবে না; নিজেদের ব্যবস্থাপনাও স্বচ্ছ করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রাপ্ত অর্থ কোথায়, কীভাবে এবং কার জন্য ব্যয় হচ্ছে, তার নিয়মিত তথ্য প্রকাশ করতে হবে। পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়িয়ে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করা জরুরি। আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে দর-কষাকষির পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রকৃত উপকারভোগীদের কাছে সেই অর্থ পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

    আন্টালিয়ায় ইউএনএফসিসিসি (UNFCCC) জলবায়ু সম্মেলন COP31
    আন্টালিয়ায় ইউএনএফসিসিসি (UNFCCC) জলবায়ু সম্মেলন COP31- ছবি: সংগৃহীত

    আন্তালিয়া সম্মেলনের নেতৃত্ব ও আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তুরস্কের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩৩ শতাংশ এখনো কয়লানির্ভর। অন্যদিকে, সম্মেলনের আলোচনায় নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়াও বিশ্বের অন্যতম কয়লা রপ্তানিকারক দেশ। ফলে এই সম্মেলন থেকে রাতারাতি কোনো ঐতিহাসিক বৈশ্বিক পরিবর্তনের প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। তবে এ কারণেই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য, শক্তিশালী কূটনৈতিক অবস্থান এবং তথ্যভিত্তিক দর-কষাকষি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    কপ৩১-এর সাফল্য শুধু কতগুলো ঘোষণা দেওয়া হলো বা নেতারা কত সুন্দর বক্তব্য দিলেন, তা দিয়ে বিচার করা যাবে না। বিচার করতে হবে কতটা অর্থ বাস্তবে প্রতিশ্রুত হলো, কতটা অর্থ হাতে এল এবং সেই অর্থে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের জীবনে কতটা পরিবর্তন ঘটল, তা দিয়ে। সাতক্ষীরা, খুলনা কিংবা দাকোপের কোনো নারী যদি আর কয়েক কিলোমিটার হেঁটে এক কলসি খাবার পানি সংগ্রহ করতে বাধ্য না হন, যদি তাঁর বাড়ির কাছেই নিরাপদ পানির ব্যবস্থা হয়, তাহলেই জলবায়ু অর্থায়নের প্রকৃত সুফল বোঝা যাবে।

    প্যারিস চুক্তির দশ বছর পর বাংলাদেশের দাবি তাই খুব সহজ: আমরা এমন একটি সংকটের জন্য ঋণ চাই না, যে সংকট তৈরিতে আমাদের দায় সামান্য। আমরা চাই ন্যায্য হিস্যা, প্রতিশ্রুত অনুদান এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষার কার্যকর উদ্যোগ। এক কলসি পানির জন্য যে নারী প্রতিদিন সংগ্রাম করেন, তাঁর জীবনেই জলবায়ু ন্যায়বিচারের সাফল্য দৃশ্যমান হতে হবে।

    ড. নাছির উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য গবেষক

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পকে নোবেল দেওয়ার তোষামোদ, এবার রাজনৈতিক বিপর্যয়ের মুখে পাকিস্তানের শাসকগোষ্ঠী

    নভেম্বর 10, 2026
    ব্যাংক

    ঋণ বিতরণে রোবোটিক প্রযুক্তি: নির্ভুল মূল্যায়নে মিলবে দ্রুত ঋণ

    নভেম্বর 10, 2026
    বাণিজ্য

    খরচের দৌড়ে হাঁপিয়ে উঠছে আয়, ঘরে ঘরে বাড়ছে টানাটানি

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.