Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘ট্রাম্প চাইলেই নিজের শর্তে ইরান যুদ্ধ থামাতে পারবেন না’
    মতামত

    ‘ট্রাম্প চাইলেই নিজের শর্তে ইরান যুদ্ধ থামাতে পারবেন না’

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৩ নভেম্বর ২০২৬ তারিখে তেহরানে একটি ট্রাম্প-বিরোধী বিলবোর্ডের সামনে সর্বোচ্চ নেত্রী মোজতবা খামেনির একটি প্রতিকৃতি ধরে আছেন এক ইরানি নারী। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, অন্তত আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে বিদ্যমান পরিস্থিতি বা ‘স্থিতাবস্থা’ বজায় রাখছে।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত নৌ অবরোধ এবং ‘অপারেশন আয়রন গেট’ অব্যাহত রাখার পক্ষে রয়েছে। নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা ‘খুবই কম’ বলেও ইঙ্গিত দেন তিনি। তবে একই সঙ্গে সতর্ক করে জানান, মার্কিন বাহিনী পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

    মাত্র কয়েক দিন আগেও ট্রাম্প ইরানে নতুন হামলার বিষয়টি বিবেচনা করছিলেন। এখন তাঁর অবস্থান দেখে মনে হচ্ছে, আরেকটি বড় যুদ্ধের ঝুঁকি না নিয়ে অর্থনৈতিক ও সামরিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তিনি।

    কিন্তু এই কৌশলের সবচেয়ে বড় দুর্বলতা স্পষ্ট। ওয়াশিংটন চাইলে নৌ অবরোধ বজায় রাখতে পারে, কিন্তু তেহরান কত দিন সেই অবরোধ সহ্য করবে, তা নির্ধারণ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

    সোমবারই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই ওয়াশিংটনকে ‘মরিয়া জুয়াড়ি’ বলে আখ্যা দেন। তিনি কথিত আলোচনার খবরকে ‘কাল্পনিক’ বলে প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তের কাছে ‘আত্মসমর্পণ’ করার দাবি জানান।

    অর্থাৎ ট্রাম্প যেখানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণযোগ্য অচলাবস্থা হিসেবে দেখছেন, সেখানে তেহরানের কাছে এটি এক অসহনীয় অবরোধ।

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে এই সংঘাত রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। অনির্দিষ্টকালের নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে ক্রমবর্ধমান ক্ষতি ডেকে আনবে। অথচ এর বিনিময়ে অবরোধ প্রত্যাহার কিংবা ভবিষ্যতে নতুন হামলা থেকে সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই।

    অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো যতটুকু সম্ভব তেল রপ্তানি করে যাচ্ছে। অন্যরা যখন ব্যবসা চালিয়ে যাচ্ছে, তখন ইরানের অর্থনীতি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    অসম যুদ্ধের কৌশল

    তেলের দাম কমে যাওয়ায় তেহরানের সংকট আরও গভীর হচ্ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশ কমেছে। এর ফলে বিশ্ব অর্থনীতির ওপর যে চাপ সৃষ্টি করে ইরান এত দিন ওয়াশিংটনকে নতুন হামলা থেকে বিরত রাখার চেষ্টা করছিল, সেই চাপও কিছুটা কমে গেছে।

    নিজের অর্থনীতি অবরোধে বিপর্যস্ত রেখে প্রতিপক্ষকে কম দামে জ্বালানি কেনার সুবিধা দিতে ইরানের কোনো আগ্রহ থাকার কথা নয়।

    এ কারণে হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলে আরও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি, বাণিজ্যিক জাহাজে হামলা কিংবা আঞ্চলিক জ্বালানি স্থাপনায় সীমিত কিন্তু ক্ষতিকর আঘাত হানার পথ বেছে নিতে পারে তেহরান।

    এমন সংঘাত বৃদ্ধির লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প স্থিতাবস্থা বজায় রাখার কথা বললেও তেলবাহী ট্যাংকারে হামলা এবং যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক আঘাত অব্যাহত রয়েছে।

    অসম যুদ্ধের কৌশল প্রচলিত যুদ্ধের চেয়ে ভিন্ন। ইরানের লক্ষ্য মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি পরাজিত করা নয়। বরং এমন মাত্রার অর্থনৈতিক ও সামরিক ক্ষতি চাপিয়ে দেওয়া, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ইচ্ছাশক্তি হারিয়ে ফেলে ওয়াশিংটন।

    তেহরানের প্রধান উদ্দেশ্য হলো, ভবিষ্যতে ইরানের ওপর আরেকটি হামলা চালাতে গেলে দীর্ঘস্থায়ী ও বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে—এমন একটি বাস্তবতা প্রতিষ্ঠা করা।

    যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমান সামরিক শক্তি অর্জন নয়, বরং এই প্রতিরোধক্ষমতাই ইরানের কৌশলের কেন্দ্রে রয়েছে।

    ইরান সংঘাত বাড়ালে ট্রাম্প পাল্টা জবাব দিতে বাধ্য হতে পারেন। কিন্তু আগের দুটি যুদ্ধ ইতিমধ্যেই দেখিয়েছে, সীমিত মার্কিন হামলা দিয়ে তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। অন্যদিকে, সর্বাত্মক সামরিক অভিযান এমন এক আঞ্চলিক বিপর্যয় ডেকে আনতে পারে, যা এড়াতেই চাইছেন ট্রাম্প।

    যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ মানেই আত্মসমর্পণ নয়।

    মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ছয়টি সম্ভাব্য সামরিক বিকল্পের মূল্যায়ন এই সংকটকে আরও স্পষ্ট করেছে।

    সীমিত হামলায় উল্লেখযোগ্য ফল নাও আসতে পারে। ব্যাপক বোমাবর্ষণ পাল্টা হামলার ঝুঁকি বাড়াবে। সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে বিপজ্জনক স্থল অভিযান প্রয়োজন হতে পারে। আর সরকার পরিবর্তন করা গেলেও স্থিতিশীল কোনো নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তার নিশ্চয়তা নেই।

    আগের হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতার ক্ষতি করলেও তেহরানকে ইউরেনিয়াম ছেড়ে দিতে, ওয়াশিংটনের দাবি মেনে নিতে কিংবা যুক্তরাষ্ট্রের শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারেনি।

    ইরানের যেসব নেতা মনে করেন, এই সংঘাতের সঙ্গে তাঁদের শাসনব্যবস্থার টিকে থাকার প্রশ্ন জড়িত, তাঁদের কাছে নতুন শাস্তিমূলক হামলা আত্মসমর্পণের পরিবর্তে প্রতিরোধের সংকল্প আরও দৃঢ় করতে পারে।

    উপসাগরীয় অঞ্চলের কাঠামোগত দুর্বলতা

    একাধিক বিশ্লেষকের মতে, আগামী ৩ জানুয়ারি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন নতুন কংগ্রেস অধিবেশন শুরুর আগেই ট্রাম্প ব্যাপক সামরিক অভিযান চালিয়ে নির্বাচনী পরাজয়ের বিষয়টি আড়াল করার চেষ্টা করতে পারেন।

    নিউইয়র্ক টাইমসের হোয়াইট হাউস সংবাদদাতা ডেভিড স্যাঙ্গার উল্লেখ করেছেন, ক্ষমতা হারানোর পথে থাকা প্রেসিডেন্টরা কখনো কখনো নিজেদের কর্তৃত্ব এখনো অটুট রয়েছে, তা দেখাতে সামরিক শক্তির আশ্রয় নেন।

    এর উদাহরণ হিসেবে তিনি ২০০৬ সালে রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধ আরও জোরদার করার সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

    এই যুক্তি অনুযায়ী, ৩ জানুয়ারির আগে নতুন সামরিক অভিযান শুরু করা গেলে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে নতুন দায়িত্ব নেওয়া আইনপ্রণেতারা ইতিমধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে অনিচ্ছুক হবেন।

    কিন্তু এই হিসাব অনেকটা এমন একজন হিসাবরক্ষকের মতো, যিনি সম্ভাব্য লাভের অঙ্ক অত্যন্ত যত্নের সঙ্গে লিখছেন, অথচ ক্ষতির ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখছেন।

    ইরান ইতিমধ্যে সতর্ক করেছে, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো, ডেটা সেন্টার এবং সমুদ্রতলের যোগাযোগ কেবলের ওপর পাল্টা হামলা হতে পারে।

    সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুলাইয়ের মধ্যে উপসাগরীয় ছয়টি রাজতান্ত্রিক দেশে বেসামরিক অবকাঠামোর ওপর অন্তত ১৭২টি হামলা হয়েছে। এসব হামলার প্রায় অর্ধেকের লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনা।

    অন্যদিকে, মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে পর্যন্ত উপসাগরীয় দেশগুলোর দিকে ৬ হাজার ৭০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, এপ্রিলের প্রথম দিকেই জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ২ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

    এখানে দুর্বলতাটি সাময়িক নয়, বরং কাঠামোগত।

    একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দিষ্ট অংশ ধ্বংস করেই অনেক বড় একটি অবকাঠামোগত নেটওয়ার্ক অচল করে দেওয়া সম্ভব। এমনকি বিকল্প রপ্তানি পথগুলোও হামলার ঝুঁকিমুক্ত নয়।

    ক্ষতিগ্রস্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থাপনা পুনরুদ্ধারে কয়েক বছর লেগে যেতে পারে। অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন স্থাপনায় হামলা রপ্তানিকে বিপর্যস্ত করতে পারে। এক বিশ্লেষণ অনুযায়ী, এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

    সৌদি আরামকোর পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তা আরও উদ্বেগজনক।

    গত মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এক বক্তব্যে জানান, সংকটের কারণে ইতিমধ্যে বিশ্ববাজারে প্রায় ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ হারিয়ে গেছে।

    তিনি বলেন, “হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়া এবং বাজারে আস্থা ফিরে না আসা পর্যন্ত বাস্তবতা হলো, তেলের সরবরাহব্যবস্থার উভয় প্রান্তেই চাপ আরও বাড়বে।”

    এখানে তিনি শুধু অপরিশোধিত তেলের কথা বলেননি। পেট্রল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানির মতো পরিশোধিত পণ্যের কথাও উল্লেখ করেছেন।

    ঠিক এ কারণেই উপসাগরীয় দেশগুলোর সরকার ওয়াশিংটনের নেওয়া সিদ্ধান্তের মূল্য নিজেদের দিতে হওয়ার আশঙ্কায় রয়েছে।

    সামরিক অভিযানের মাধ্যমে একতরফাভাবে পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত অর্থনীতিতেও এমন এক বাস্তবতা তৈরি করতে পারে, যা আর সহজে পরিবর্তন করা যাবে না।

    তেহরানের লক্ষ্য হবে এই আশঙ্কাকে এতটাই বিশ্বাসযোগ্য করে তোলা, যাতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ক্ষতির হিসাব না করে ওয়াশিংটন আরেকটি সামরিক অভিযানের কথা ভাবতেই না পারে।

    যুদ্ধের অর্থায়নে কংগ্রেসের ক্ষমতা

    প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামরিক ক্ষমতা থাকলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাঁর হাতে সীমাহীন অর্থ নেই।

    এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রেসিডেন্ট বিদ্যমান আইনগত ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে সামরিক অভিযানের নির্দেশ দিতে পারেন। কিন্তু ভবিষ্যতের অর্থ বরাদ্দ নিয়ন্ত্রণ করে কংগ্রেস। এমনকি আগে বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হবে, সে ক্ষেত্রেও আইন করে বিধিনিষেধ আরোপ করতে পারে কংগ্রেস।

    ফেডারেল সরকারের বর্তমান অর্থায়নের মেয়াদ আগামী ১১ ডিসেম্বর শেষ হবে। ফলে সরকারি ব্যয় নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।

    ডেমোক্র্যাটরা নতুন করে অর্থায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সমর্থন দেওয়ার শর্ত হিসেবে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয়ের ওপর বিধিনিষেধ আরোপের দাবি তুলতে পারেন।

    এই সতর্কতা এখন আর নিছক তাত্ত্বিক আলোচনা নয়।

    ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ঘোষণা দিয়েছেন, “ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের অর্থায়নের সুযোগ তৈরি করে, এমন কোনো প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা আমার নেই।”

    তিনি আরও বলেন, ট্রাম্প যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ফেডারেল সরকার অচল করে দেওয়ার পথ বেছে নেন, তাহলে তার দায় একমাত্র প্রেসিডেন্টের ওপরই বর্তাবে।

    এদিকে রিপাবলিকানদের প্রস্তাবিত ৭ হাজার ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা অর্থায়ন প্যাকেজ এখনো কেবল বাজেটের একটি প্রাথমিক রূপরেখা। এটি যুদ্ধ পরিচালনার জন্য অনুমোদিত অর্থ বরাদ্দ নয়।

    মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২১৬-২১৪ ভোটে অনুমোদিত হয়েছে। অর্থাৎ মাত্র একজন রিপাবলিকান সদস্য পক্ষ পরিবর্তন করলেই প্রস্তাবটি পরাজিত হতো।

    প্রকৃত অর্থ বরাদ্দের যেকোনো প্রস্তাব এখনো কংগ্রেসের অনুমোদন পেতে হবে।

    ইরান যুদ্ধের বিষয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে মতভিন্নতা দেখা দেওয়ায় দলীয় ঐক্যকে নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    জুন মাসে প্রতিনিধি পরিষদের চারজন এবং সিনেটের চারজন রিপাবলিকান সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দিয়েছিলেন। পরে সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদের সাতজন রিপাবলিকান সদস্য যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবে সমর্থন দেন।

    এসব ভোট সরাসরি যুদ্ধ বন্ধ করতে পারেনি। তবে কংগ্রেসে ট্রাম্পের প্রতি সমর্থন কতটা নড়বড়ে হয়ে পড়েছে, তা প্রকাশ করে দিয়েছে।

    অতীতেও কংগ্রেস যুদ্ধের অর্থায়ন নিয়ন্ত্রণের ক্ষমতা প্রয়োগ করেছে।

    ভিয়েতনাম যুদ্ধের সময় ১৯৭৩ সালে কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে ১৫ আগস্টের পর মার্কিন সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করা হয়। এর মধ্যে আগে বরাদ্দ করা অর্থও অন্তর্ভুক্ত ছিল।

    তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আইনটিতে স্বাক্ষর করেন। ওই দিনই কম্বোডিয়ায় মার্কিন বোমাবর্ষণ বন্ধ হয়।

    ট্রাম্পের দুর্বল হয়ে পড়া রাজনৈতিক অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ।

    এনবিসির জাতীয় বুথফেরত জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ ভোটার মনে করেন, ইরানে হামলার সিদ্ধান্ত ভুল ছিল।

    অন্যদিকে, এপি-এনওআরসি জরিপে প্রতি ১০ জন নিবন্ধিত ভোটারের সাতজন বলেছেন, কংগ্রেসের অগ্রাধিকার হওয়া উচিত ইরান যুদ্ধের অবসান ঘটানো। অথচ এই যুদ্ধ শুরুর অনুমোদনই দেয়নি কংগ্রেস।

    নতুন যুদ্ধের কারণে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা এলে তার প্রভাব পড়বে এমন একজন প্রেসিডেন্টের ওপর, যিনি ইতিমধ্যেই নির্বাচনে রাজনৈতিক মূল্য দিয়েছেন।

    ট্রাম্প হয়তো আশা করছেন, অব্যাহত সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত তেহরান ছাড় দিতে বাধ্য হবে।

    কিন্তু ইরানের নেতৃত্ব উল্টো অবরোধকে অসহনীয় করে তুলতে সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এতে ভুল হিসাব-নিকাশ এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

    এর জবাবে যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালাতে পারে, যা সংকটের কোনো স্থায়ী সমাধান দেবে না। অথবা আরও বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যার অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য ট্রাম্পের প্রেসিডেন্ট পদকে মারাত্মক সংকটে ফেলতে পারে।

    এই দুই সম্ভাবনার কোনোটিই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের সমাধান করবে না।

    দীর্ঘস্থায়ী অবরোধ নতুন যুদ্ধের ঝুঁকি বাড়াবে এবং শেষ পর্যন্ত আরও বিপজ্জনক সংঘাতের পথ তৈরি করতে পারে।

    এর বিকল্প হলো আলোচনার মাধ্যমে আপসের পথ খুঁজে বের করা। এমন একটি সমঝোতা, যেখানে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে—যে ছাড় সামরিক শক্তি প্রয়োগ করে কোনো পক্ষই আদায় করতে পারছে না।

    ট্রাম্প চাইলে আরেকটি সর্বাত্মক যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ইরানকে অনির্দিষ্টকাল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে রাখবেন, আর তেহরান কোনো প্রতিক্রিয়া দেখাবে না—এমন নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা তাঁর নেই।

    বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কৌশল নয়।


    • শাহির শাহিদসালেস: একজন ইরানি-কানাডিয়ান রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রিল্যান্স সাংবাদিক। সূত্র: মিডল ইস্ট আই
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বাংলাদেশের অর্থনীতি ৫০ হাজার কোটি ডলারের, তবু বিলিয়নেয়ার নেই কেন

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?

    নভেম্বর 11, 2026
    বিশ্ব অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার শঙ্কা, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.