Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজার বন্যা একটি পরিকল্পিত বিপর্যয় এবং এর সঙ্গে মেরুদণ্ডহীন পশ্চিমারাও জড়িত
    মতামত

    গাজার বন্যা একটি পরিকল্পিত বিপর্যয় এবং এর সঙ্গে মেরুদণ্ডহীন পশ্চিমারাও জড়িত

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৭ নভেম্বর ২০২৬ তারিখে গাজা শহরে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের প্লাবিত তাঁবুর বাইরে থেকে পানি সরানোর চেষ্টা করছেন। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডল ইস্ট আই

    যুদ্ধাপরাধী হওয়ার জন্য এখন দারুণ সময়। চুরি করা সোনা দুবাইয়ে বিক্রি করে সেখানকার ব্যাংকে অর্থ জমা রাখতে পারবেন, কেউ কোনো প্রশ্ন করবে না। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বড়দিনের কেনাকাটা করতে পারবেন, কিংবা ওয়েস্ট এন্ডে কোনো সংগীতনাট্য দেখতে যেতে পারবেন। মেট্রোপলিটন পুলিশ আপনাকে বিরক্ত করবে না।

    একটি যুদ্ধ শেষ হতে না হতেই আরেকটি যুদ্ধের ডাক আসবে। নিজেকে একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী ভাবতে পারেন। ইয়েমেন থেকে সুদান, আর এখন টাইগ্রে- সব জায়গায় আপনার সেবার চাহিদা থাকবে।

    এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ মোটা অঙ্কের পারিশ্রমিকের চাকরিও পেয়ে যেতে পারেন। আর সংবাদমাধ্যমগুলো আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য রীতিমতো লাইন ধরবে।

    একটি বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন- আপনাকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে না। নুরেমবার্গ বিচার কিংবা হেগের আন্তর্জাতিক বিচারব্যবস্থা যেন গত শতাব্দীর পুরোনো ইতিহাস হয়ে গেছে।

    তাই ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাঁর সরকারি বাসভবন বেইত আগিওন থেকে সরিয়ে দেওয়া হতে পারে- এমন উত্তেজনাপূর্ণ জল্পনাকল্পনার মধ্যে আমাকে একটি প্রশ্ন করার সুযোগ দিন: আসলে কী পরিবর্তন হয়েছে?

    এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক গাজার বন্যার পানিতে ডুবে থাকা একটি তাঁবু থেকে।

    ৪৮ বছর বয়সী নাহলা আল-মাজদুবের শরীরে এখনো ক্ষত রয়েছে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ছড়িয়ে পড়া ধাতব টুকরার আঘাতে তাঁর নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। সেই আঘাতের যন্ত্রণা তাঁকে প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। তীব্র শীতে সেই যন্ত্রণা আরও বেড়েছে। সাম্প্রতিক ঝড়ে তাঁর আশ্রয়ের তাঁবুটিও ধ্বংস হয়ে গেছে।

    ওষুধ কিনতে প্রতি সপ্তাহে তাঁর প্রয়োজন ১৭০ শেকেল বা ৫৩ ডলার। তাঁর সাত বছর বয়সী মেয়েটিও ডায়াবেটিসে আক্রান্ত। এসব কথা তিনি জানিয়েছেন মিডল ইস্ট আইকে।

    নাহলা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি, আমি পুরোপুরি ভিজে গেছি। সন্তানদের দিকে তাকিয়ে দেখি, তারাও ভিজে গেছে। চারপাশে শুধু পানি। আমরা অসহায়ের মতো কাঁদছিলাম। বুঝতে পারছিলাম না কী করব, কিংবা কীভাবে সন্তানদের রক্ষা করব।’

    একপর্যায়ে প্রবল বাতাস তাঁর তাঁবুটি সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়।

    তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এখন আমার পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন হলো এমন একটি মজবুত তাঁবু পাওয়া, যা প্রবল বৃষ্টি সহ্য করতে পারবে এবং আমাদের শীত থেকে রক্ষা করবে।’

    ‘আমাদের প্রতি দয়া করুন’

    এবার ৩৩ বছর বয়সী মনসুর আল-সাকনির কথা বিবেচনা করা যাক। তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে গাজা নগরীর আল-তুফাহ এলাকার একটি ভবনের ছাদে অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন।

    পরিবারকে বৃষ্টি থেকে রক্ষা করতে তিনি সম্প্রতি দুটি পানির ড্রাম বিক্রি করে নতুন ত্রিপল কিনেছিলেন।

    কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

    তিনি বলেন, ‘কোনো কাজেই আসেনি। গত রাতেও বৃষ্টির পানিতে আমাদের আশ্রয়স্থল ডুবে গেছে।’

    যুদ্ধের আগে মনসুর সংবাদপত্র বিক্রি করতেন। এখন স্থানীয় একটি গণরান্নাঘর থেকে দেওয়া খাবারের ওপর নির্ভর করে বেঁচে আছেন।

    তাঁর মেয়ের চশমা প্রয়োজন। কিন্তু সেটি কেনার সামর্থ্য নেই।

    এক বন্ধু চশমা কেনার জন্য তাঁকে ২০০ শেকেল বা ৬৩ ডলার দিয়েছিলেন। কিন্তু সেই অর্থ দিয়ে তাঁকে আশ্রয়স্থল মজবুত করার জন্য কাঠ কিনতে হয়েছে।

    মনসুর বলেন, ‘আমরা গাজার দরিদ্র মানুষ। আমরা বাঁচতে চাই। বোমা হামলায় কিংবা শীতে মরতে চাই না। অনেক হয়েছে। আমাদের প্রতি দয়া করুন।’

    এঁরা কেবল প্রতিকূল আবহাওয়ার শিকার বিচ্ছিন্ন কয়েকজন মানুষ নন।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ১৪ লাখ বাসিন্দা, এমন পরিস্থিতিতে বসবাস করছেন।

    কিন্তু তাঁদের জন্য সহমর্মিতারও ভয়াবহ অভাব রয়েছে।

    গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর সর্বশেষ কারণ হিসেবে যে বন্যাকে তুলে ধরা হচ্ছে, সেটি নিছক প্রাকৃতিক দুর্যোগ নয়—অন্তত এই লেখার যুক্তি সেটিই। এই মৃত্যুর পরিস্থিতি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।

    গত ডিসেম্বরে ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ৩৭টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে। এসব সংস্থার মধ্যে রয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ডক্টরস উইদাউট বর্ডারস এবং অক্সফাম।

    যদিও আদালতের সাময়িক নিষেধাজ্ঞার কারণে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন স্থগিত হয়েছিল, তবুও ইসরায়েল বিভিন্ন সাহায্য সংস্থাকে ত্রাণসামগ্রী ও আন্তর্জাতিক কর্মী গাজায় প্রবেশ করাতে বাধা দিয়ে যাচ্ছে।

    ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর ওপর নিষেধাজ্ঞার সঙ্গে এসব বিধিনিষেধ যুক্ত হওয়ায় আশ্রয়সংক্রান্ত ত্রাণসামগ্রীর বড় অংশ এখন মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সরকারের পরিচালিত কমিটিগুলোর মাধ্যমে দ্বিপক্ষীয় ব্যবস্থায় গাজায় প্রবেশ করছে।

    নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল গত মাসে জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ দ্বৈত ব্যবহারের উপযোগী সামগ্রীবাহী মাত্র ১৫টি ট্রাক সপ্তাহে একবার গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে।

    ফিলিস্তিনে এনআরসির যোগাযোগবিষয়ক উপদেষ্টা শাইনা লো বলেন, ‘গাজার ভেতরে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর মজুত অত্যন্ত কমে গেছে।’

    তিনি আরও বলেন, ‘এটি আমাদের বের করে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার অংশ। মানুষের প্রয়োজন মেটানোর জন্য যে ত্রাণ আমাদের নিয়ে আসা দরকার, তা আনতে দেওয়া হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে, ওই কমিটিগুলোই তুলনামূলক বেশি ত্রাণসামগ্রী প্রবেশ করাতে পারছে।’

    অকারণ দুর্ভোগ চাপিয়ে দেওয়া

    লেখকের মতে, ইসরায়েলের প্রায় সব জায়নবাদী রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট নীতির লক্ষ্য হলো গাজার জীবনযাপনের পরিস্থিতি যতটা সম্ভব বসবাসের অনুপযোগী করে তোলা, যাতে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ড ছেড়ে চলে যেতে বাধ্য হন।

    প্রবল ঝড়বৃষ্টির মধ্যেও ত্রাণ প্রবেশে বাধা দেওয়া সেই নীতির সর্বশেষ অস্ত্র।

    লেখকের অভিযোগ, ফিলিস্তিনিদের দুর্ভোগ যত বাড়ছে, ইসরায়েলের জায়নবাদী জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে ততই সন্তুষ্টি দেখা যাচ্ছে।

    নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের অসন্তোষের কারণের তালিকা দীর্ঘ। কিন্তু গাজার মানুষের দুর্দশা সেই তালিকায় নেই বলে লেখক মনে করেন।

    তাঁর যুক্তি, ফিলিস্তিনিদের ওপর অপ্রয়োজনীয় দুর্ভোগ চাপিয়ে দেওয়া এমন কয়েকটি বিষয়ের একটি, যা ইসরায়েলের অভ্যন্তরীণভাবে বিভক্ত রাজনৈতিক গোষ্ঠীগুলোকে একত্র করে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এখন জানে যে এসব করেও পার পাওয়া সম্ভব।

    অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী রামিজ আলাকবারভ চলতি সপ্তাহে জানিয়েছেন, ত্রাণবাহী ট্রাকে থাকা দেড় লাখ তাঁবু গাজার বাইরে আটকে রয়েছে। অন্যদিকে গাজার ভেতরে জরুরি আশ্রয় ও শীতকালীন সামগ্রীর মজুত শেষ হয়ে গেছে।

    হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল ত্রাণসামগ্রী প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

    ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ বিষয়ে পরোক্ষভাবে ইসরায়েলকে সতর্ক করে একটি বিবৃতি দিয়েছে। এতে কিছুটা বিস্ময়ের সৃষ্টি হলেও বাস্তবে এর বেশি কিছু ঘটেনি। কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    ইসরায়েলকে গাজায় তাঁবু, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার সুযোগ করে দেওয়ার এই নীতির রাজনৈতিক সমর্থন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার পর্যন্ত বিস্তৃত বলে লেখক অভিযোগ করেছেন। শুমার বর্তমানে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব ধরে রাখার লড়াই করছেন।

    গাজায় যা ঘটছে, তাকে গণহত্যা বলতে শুমার অস্বীকৃতি জানিয়েছেন।

    গত বছর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েল এবং দেশটি যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে, তার সমালোচনা করা ইহুদিবিদ্বেষ নয়। কিন্তু একপর্যায়ে সেই সমালোচনা ইহুদিবিদ্বেষের দিকে ঝুঁকতে শুরু করে। মানুষ যেসব স্লোগান ব্যবহার করে, সেগুলোর অনেকগুলোই হয় সরাসরি ইহুদিবিদ্বেষী, নয়তো ধীরে ধীরে সেই দিকে চলে যায়।’

    তিনি আরও বলেন, ‘যে শব্দটি আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, সেটি হলো গণহত্যা।’

    শুমারের ভাষায়, ‘গণহত্যা বলতে বোঝায়, যখন কোনো দেশ বা গোষ্ঠী একটি সম্পূর্ণ জাতি বা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। সুতরাং ইসরায়েল যদি কোনো উসকানি ছাড়াই গাজায় প্রবেশ করত এবং নির্বিচারে ফিলিস্তিনি বা গাজার বাসিন্দাদের গুলি করত, তাহলে সেটি গণহত্যা হতো। কিন্তু এমনটি ঘটেনি। বাস্তবে ঘটেছে তার উল্টো। বরং ইসরায়েলের তুলনায় হামাসের কর্মকাণ্ড গণহত্যার অনেক বেশি কাছাকাছি।’

    লেখকের সমালোচনা হলো, শুমারের এই অবস্থান আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা এবং হলোকাস্ট নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে।

    তা সত্ত্বেও শুমার নিজের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছেন না।

    অথচ সদ্য নির্বাচিত ডেমোক্র্যাটদের নতুন একটি প্রজন্ম এমন রাজনৈতিক জনসমর্থন নিয়ে এসেছে, যা শুমারের সমর্থিত নীতির সম্পূর্ণ বিপরীত বলে লেখক মনে করেন।

    যুদ্ধের দল

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু ওয়াশিংটনের বিদেশি যুদ্ধগুলোর বিষয়ে জনগণের রায় ছিল না। সেটি ছিল দেশটির যুদ্ধপন্থী রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধেও একটি রায়।

    এই যুদ্ধপন্থী গোষ্ঠী দ্বিদলীয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এতে যুক্ত।

    এটি কোনো বিমূর্ত ধারণা নয়। বাস্তবে এমন রিপাবলিকান ও ডেমোক্র্যাট রাজনীতিকদের একটি শক্তিশালী গোষ্ঠী রয়েছে, যারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের পরিচালিত সাতটি যুদ্ধকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন।

    তাহলে চাক শুমারের মতো রাজনীতিকেরা কেন মনে করবেন না যে তাঁরা রাজনৈতিক চাপ সামলে টিকে থাকতে পারবেন?

    তাঁদের চারপাশের অন্য সবাই তো সেটিই করছেন।

    গাজার ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা এবং আরও বহু মানুষকে আহত করার জন্য ব্যবহৃত স্নাইপার রাইফেলের ট্রিগারে সরাসরি আঙুল রাখতে হয়নি। কিংবা প্রাণঘাতী ড্রোন পরিচালনাও করতে হয়নি।

    তারপরও গাজার প্রবল ঝড়ে তাঁবুগুলো ভেঙে পড়তে দেখার মধ্য দিয়ে কেউ কেউ নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন—লেখক এমনই তীব্র ব্যঙ্গ করেছেন।

    এদিকে বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) ব্যবসাও ভালো চলছে।

    এই প্রতিষ্ঠানের সাবেক কর্মীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের চিফ অব স্টাফ জেমস পারনেল।

    বোস্টনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) প্রতিষ্ঠায় সহায়তা করেছিল।

    এই ফাউন্ডেশন চারটি ত্রাণ বিতরণকেন্দ্র পরিচালনা করত। সেখানে খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের ইসরায়েলি সেনা অথবা ফাউন্ডেশনের নিয়োগ করা মার্কিন নিরাপত্তাকর্মীরা ইচ্ছাকৃতভাবে গুলি করেছেন বলে অভিযোগ রয়েছে।

    গত বছর ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, জিএইচএফের সঙ্গে কাজের জন্য বিসিজিকে ৪০ লাখ ডলারের বেশি অর্থ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা ‘অরোরা’ সাংকেতিক নামের ওই প্রকল্পে যুক্ত ছিলেন।

    এর আগে ট্রাম্প ‘ট্রাম্প গাজা’ নামে তাঁর পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। সেই পরিকল্পনায় গাজার জনগণকে সরিয়ে ভূখণ্ডটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে গড়ে তোলার কল্পনা তুলে ধরা হয়।

    এর দুই মাস পর বিসিজি গাজা থেকে লাখ লাখ মানুষকে ‘স্থানান্তর’ করার সম্ভাব্য ব্যয়ের হিসাব তৈরি করে।

    এমন পরিস্থিতিতে বিস্ময়ের কিছু নেই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এখন দেশটিতে নব্য উদারনীতিবাদের অবসান ঘটানোর পরিকল্পনা তৈরির দায়িত্ব বিসিজিকে দিচ্ছেন।

    বার্নহাম এর আগে গাজা বিষয়ে তাঁর পূর্বসূরি কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের নীতির জন্য ক্ষমা চেয়েছিলেন।

    তাঁর চিফ অব স্টাফ জেমস পারনেল ২০১০ সালে সংসদ সদস্যের পদ ছাড়ার পর বিসিজির উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

    গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমি ভাবছি, তারা কীভাবে এই চুক্তিটি পেল?’

    প্রবল রাজনৈতিক প্রভাব

    এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইনস্টাগ্রামে একজন প্রভাবশালী কনটেন্ট নির্মাতা হিসেবে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার শুরু করেছেন।

    কিন্তু লেখকের ব্যঙ্গাত্মক মন্তব্য হলো, আপাতত তিনি শুধু সেটিই করছেন।

    ইসরায়েলের বিরুদ্ধে ঘোষিত নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন করতে তাঁর নয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। অথচ ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক।

    ইসরায়েল ব্রিটিশ কনসালসহ আরও ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। একই সঙ্গে অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের মর্যাদা কমিয়ে একটি মিশনে পরিণত করেছে।

    ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এই সমঝোতা নিয়ে আলোচনা করেছিলেন।

    ধরে নেওয়া যেতে পারে, এমন সমঝোতায় পাওয়েল অপমানিত বোধ করেছেন। তবে সেটি নিছক অনুমান।

    কারণ, বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের কে আসলে কার পক্ষে রয়েছেন, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

    মিলিব্যান্ডকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের আমলাতন্ত্রের মধ্য থেকেও প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বলে মনে হচ্ছে।

    চার্লস স্ট্রিটের সেই আমলাদের লেখক ব্যঙ্গ করে ‘স্যার হামফ্রে অ্যাপলবি’দের সঙ্গে তুলনা করেছেন। তাঁরা ইসরায়েলকে সমর্থন করার পুরোনো নীতি বজায় রাখতে বদ্ধপরিকর বলে তাঁর অভিযোগ।

    ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ব্রিটিশ সরকার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক কোটি সাত লাখ পাউন্ড বা এক কোটি ৪৪ লাখ ডলারের সরকারি চুক্তি দিয়েছে।

    অথচ অবৈধভাবে অধিকৃত ভূখণ্ডে সেবা দেওয়া সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বর্জনের নতুন নীতি ঘোষণার পরই এসব চুক্তি দেওয়া হয়েছে।

    আর জানেন কী?

    আমার মনে হয়, ইসরায়েল ও তার সমর্থকেরা নির্ভার থেকে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে। কারণ, ক্ষমতা ও প্রভাবের অবস্থান থেকে তাদের সরিয়ে দেওয়ার বাস্তবতা এখনো অনেক দূরে।

    ওয়াশিংটন, লন্ডন এবং ইউরোপের প্রতিটি রাজধানীতে তারা এখনো অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক প্রভাব বিস্তারের ব্যবস্থা পরিচালনা করছে। তারা নিষেধাজ্ঞাকে ভয় পায় না। এমনকি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আইনকেও ভয় পায় না। কারণ, তাদের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের সামরিক-শিল্প কাঠামোর গভীরে যুক্ত হয়ে আছে।

    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস চলতি মাসে বলেছেন, ‘আমরা অবিচলভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছি। আমরা নিশ্চিত করতে চাই, এমন একটি দেশ ও রাষ্ট্র থাকবে, যেখানে ইহুদিরা অসহায় সংখ্যালঘু হয়ে থাকবে না এবং নিজেদের মাতৃভূমিতে আবারও বর্বরতা দেখা দিলে তারা সেখানে আশ্রয় ও সুরক্ষা পাবে।’

    লেখক এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

    তাঁর মতে, এমন একটি রাষ্ট্রের প্রতি জার্মান চ্যান্সেলরের এই সমর্থন ইসরায়েলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়, যেখানে ফিলিস্তিনিদের প্রতিদিন নিজেদের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার চাপের মুখোমুখি হতে হচ্ছে এবং গাজার গণহত্যা চতুর্থ বছরে প্রবেশ করছে।

    গণহত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীরা জানেন, যারা সক্রিয়ভাবে এই হত্যাযজ্ঞ বন্ধ করার চেষ্টা করছে না, তারা কার্যত এর ধারাবাহিকতায় সহায়তা করছে।

    লেখকের মূল্যায়নে, টনি ব্লেয়ার ও কিয়ার স্টারমার ইতিহাসে যথাক্রমে ইরাক ও গাজার যুদ্ধের পরিকল্পনাকারী এবং সমর্থক প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

    এই দুটি যুদ্ধের সঙ্গে তাঁদের ভূমিকা যুক্ত করে লেখক বলেছেন, এসব সংঘাতে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং মধ্যপ্রাচ্য এমন গভীর ক্ষতির মুখে পড়েছে, যা থেকে অঞ্চলটির পুনরুদ্ধার এখনো শুরু হয়নি।

    ইসরায়েল এই দুই নেতাকেই নিজেদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করে বলে লেখকের দাবি।

    ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই অ্যান্ডি বার্নহাম একই ভূমিকা পালনকারী তৃতীয় লেবার প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

    তাঁর উদ্দেশ্য যা-ই হোক না কেন, লেখকের মতে, দৃঢ়তাহীন নেতৃত্বের কারণে তাঁর প্রশাসনও পূর্বসূরিদের মতো গাজার গণহত্যার সঙ্গে জড়িয়ে পড়বে।

    আর বার্নহাম ও পারনেল যখন রাজনৈতিক হিসাব-নিকাশ ও অবস্থান সমন্বয়ে ব্যস্ত, তখন গাজায় শিশুরা তীব্র শীতে জমে মারা যাচ্ছে।

    • ডেভিড হার্স্ট: ‘মিডল ইস্ট আই’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সৌদি আরব কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণ করছে?

    নভেম্বর 12, 2026
    আন্তর্জাতিক

    এনভিডিয়ার নতুন প্রধান নির্বাহী কে হচ্ছেন, আলোচনায় যাঁরা

    নভেম্বর 12, 2026
    আইন আদালত

    ইরানে স্কুল বোমা হামলা, মানুষের জীবন মৃত্যুর দায়িত্ব এখন এআইয়ের কাছে

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.