আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ এই রাত। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে মুসলমানরা রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন। রমজান মাসের শেষ দশকের এই রাতকে ইসলাম ধর্মে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, লাইলাতুল কদরের রাত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক ফজিলতপূর্ণ। তাই এই রাতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি ইবাদতে মনোযোগ দেন।
ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ রাতেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পথনির্দেশনা হিসেবে পবিত্র আল কোরআন অবতীর্ণ করেন। সেই কারণে মুসলমানদের কাছে রাতটি বিশেষ গুরুত্ব বহন করে। শবে কদরের রাতে মসজিদে মসজিদে বিশেষ ইবাদতের আয়োজন থাকবে। পাশাপাশি অনেকেই নিজ নিজ ঘরেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার এবং দোয়ার মাধ্যমে রাতটি কাটাবেন। কোথাও কোথাও মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজনও করা হবে।
এ উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন সংবাদপত্রেও এ রাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ লেখা প্রকাশিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, আন্তরিকভাবে ইবাদত করলে এই মহিমান্বিত রাতে আল্লাহর অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভ করা যায়। তাই দেশের সর্বত্রই রাতভর ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা।

