দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। নিয়ন্ত্রক সংস্থা তিন বছরের জন্য তার এই নিয়োগে সম্মতি দিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি অনুষ্ঠিত এক কমিশন বৈঠকে ডিএসইর প্রস্তাব অনুমোদন করে। পরবর্তীতে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর আবেদনের ভিত্তিতে প্রার্থীর যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিস্তারিতভাবে যাচাই করা হয়। বিশেষ করে ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড পূরণ হয়েছে কিনা তা পর্যালোচনা শেষে এই নিয়োগে অনুমোদন দেওয়া হয়।
ডিএসইর বোর্ড ও প্রশাসন বিধিমালা, ২০১৩ অনুযায়ী স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে কমিশনের মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ডিএসইর বোর্ডে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তির অন্তর্ভুক্তি করপোরেট সুশাসন শক্তিশালী করবে। এর ফলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

