২০২৫ অর্থবছরে শক্তিশালী আর্থিক পারফরম্যান্স দেখিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। আলোচ্য বছরে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৮ কোটি টাকা, যেখানে ২০২৪ সালে এ মুনাফা ছিল ১৬৯ কোটি টাকা। পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মুনাফা বৃদ্ধির প্রভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সায়, যা এক বছর আগে ছিল ২১ টাকা ৯ পয়সা।
এছাড়া শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১২ টাকা ২৮ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা। এতে ব্যাংকটির আর্থিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
উন্নত আর্থিক ফলাফলের ভিত্তিতে ২০২৫ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর আগে ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ আয় বৃদ্ধি, শেয়ার ও সিকিউরিটিজ থেকে বেশি মুনাফা এবং অন্যান্য পরিচালন আয়ের প্রবৃদ্ধি—এই তিনটি প্রধান কারণে মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর ফলে নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

