পুঁজিবাজারে বড় ধাক্কা খেল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ব্যাংকটিকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, যেখানে থাকা কোম্পানিগুলোর আর্থিক অবস্থান বা পরিচালনায় দুর্বলতার ইঙ্গিত পাওয়া যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, নতুন এই শ্রেণিতে স্থানান্তরের ফলে ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা আর কোনো ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
একই কারণে আরও দুটি ব্যাংক—স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক—কেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। এদের ক্ষেত্রেও ঋণ সুবিধা বন্ধ থাকবে।
এই ঘোষণার পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ারদর যেখানে ছিল ৩৪ টাকা ৭০ পয়সা, কিছু সময়ের মধ্যেই তা কমে প্রায় ৩৩ টাকায় নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, লভ্যাংশ না দেওয়া এবং আর্থিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া ব্যাংকটির জন্য একটি সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। ভবিষ্যতে অবস্থান উন্নত করতে হলে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্স ও পরিচালনায় স্বচ্ছতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন তারা।

