দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানি পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা কঠোর অবস্থান নিয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাল্টিপারপাস হলে এ বিষয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোম্পানি সচিবদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ জুনের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, কর্পোরেট গভর্নেন্স কোডে সংশোধনের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য পরিচালনা পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে এক বছরের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। তবুও অনেক কোম্পানি এখনো এই নির্দেশনা বাস্তবায়ন করেনি।
নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, ব্যবসায়ী, কর্পোরেট নেতা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি পর্যায়ের অভিজ্ঞ নারী পেশাজীবীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। এ বিষয়ে কোম্পানিগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৈঠকে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি তাদের পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করেছে। তবে এখনো ১৩১টি কোম্পানি নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ রয়েছে। বিশ্লেষকদের মতে, কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে সময়মতো বাস্তবায়ন না হলে বাজারে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

