শেয়ারবাজার সংশ্লিষ্ট সবার কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত করপোরেট সুশাসন বিধিমালার খসড়াকে কেন্দ্র করে এ আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ৩৩-এর উপধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই খসড়া বিধিমালা প্রণয়ন করেছে। খসড়ার ওপর মতামত কমিশনের ওয়েবসাইট অথবা সংবাদপত্রে প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। সেই অনুযায়ী মতামত জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
এতে আরও জানানো হয়, খসড়া বিধিমালা কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত লিংক কিংবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সংগ্রহ করা যাবে। বিএসইসির মতে, নতুন করপোরেট সুশাসন বিধিমালার মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা আরও শক্তিশালী হবে।

