বিশ্বের অন্যতম আলোচিত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স অবশেষে শেয়ারবাজারে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বহু প্রতীক্ষিত এই আইপিওর মাধ্যমে আগামী মাসেই মার্কিন পুঁজিবাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশাল বাজারমূল্য ও উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনার কারণে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিভিত্তিক আইপিওগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিনিয়োগ নথি অনুযায়ী, ‘এসপিসিএক্স’ টিকারে নাসডাক এক্সচেঞ্জে-এ শেয়ার লেনদেন শুরু হতে পারে আগামী ১২ জুন। প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য মূল্যায়নে বাজারে আসছে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে প্রায় ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মহাকাশ প্রযুক্তি, রকেট উৎক্ষেপণ এবং স্যাটেলাইট যোগাযোগ খাতে নেতৃত্ব দেওয়া এই কোম্পানির শেয়ারবাজারে প্রবেশকে ইলন মাস্ক- এর ব্যবসায়িক সাম্রাজ্যের বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই আইপিও সফল হলে মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
প্রকাশিত আর্থিক নথিতে দেখা গেছে, কোম্পানিটি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশভিত্তিক প্রযুক্তিতে। গত বছরে তাদের মোট রাজস্ব ছিল প্রায় ১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে একই সময়ে মূলধনী ব্যয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের প্রথম তিন মাসেই প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি।
তবে স্পেসএক্সের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। চলতি বছরের প্রথম প্রান্তিকেই এই খাত থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার আয় হয়েছে। গত বছর স্টারলিংক থেকে মোট রাজস্ব আসে ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো তৈরির পরিকল্পনাও সামনে এনেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাস্কের আরেক প্রতিষ্ঠান xAI-কে নিজেদের অধীনে নেয় স্পেসএক্স।
বিনিয়োগ নথিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়েছে ওপেনএআই এবং অ্যানথ্রোপিক- এর মতো বড় কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর নাম। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মহাকাশ ও এআই খাতকে একসঙ্গে যুক্ত করে নতুন ব্যবসায়িক মডেল তৈরির চেষ্টা করছে স্পেসএক্স।
সম্প্রতি স্যাম অল্টম্যান-কে ঘিরে আইনি বিরোধে মাস্কের আলোচিত পরাজয়ের পরপরই এই বিশাল আইপিও ঘোষণাটি আসে। ফলে প্রযুক্তি ও বিনিয়োগ বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্পেসএক্সের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে।
বাজার বিশ্লেষকদের ধারণা, আইপিও সফল হলে প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ প্রবাহ তৈরি হতে পারে। একই সঙ্গে মহাকাশভিত্তিক বাণিজ্যিক প্রতিযোগিতাও আরও তীব্র হবে।

