প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে একটি দাপ্তরিক কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। কমিশনের দশম তলায় বরাদ্দ পাওয়া কক্ষে প্রয়োজনীয় আসবাবপত্র ও অফিস সরঞ্জামও স্থাপন করা হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, বিশেষ প্রয়োজনে তিনি এই কক্ষ থেকে পুঁজিবাজার-সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও নীতিগত পরামর্শ দেবেন।
রোববার দুপুরে তানভীর গনি বিএসইসি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথমে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনার তানভীর হাবিব রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কমিশনের নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বাজারের সার্বিক অবস্থা, নিয়ন্ত্রক কার্যক্রম এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। পরে বিকেলে তিনি কমিশনে বরাদ্দ পাওয়া নিজ কক্ষ পরিদর্শন করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
জানা গেছে, পুঁজিবাজার-সংক্রান্ত নীতিনির্ধারণী কার্যক্রম, সংস্কার উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় জোরদারে তিনি প্রয়োজন অনুযায়ী বিএসইসি থেকে কার্যক্রম পরিচালনা করবেন।
হংকংভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা তানভীর গনি হেজ ফান্ড, প্রাইভেট ইকুইটি এবং আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।
গত ২ এপ্রিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শেয়ারবাজার সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাজারকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে বিএসইসির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, দীর্ঘমেয়াদি সংস্কার রোডম্যাপ পর্যালোচনা এবং বৈশ্বিক বিনিয়োগকারী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি।

