শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বেসরকারি ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালক মোট প্রায় ২০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সাউথইস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবেন।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম তার মালিকানাধীন ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে উন্মুক্ত বাজারে এসব শেয়ার বিক্রি করা হবে।
অন্যদিকে ব্যাংক এশিয়া পিএলসি-এর উদ্যোক্তা পরিচালক পচিলক রুমি এ হোসাইন তার মালিকানাধীন ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ারের মধ্যে ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই শেয়ারও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে।
ডিএসই জানিয়েছে, উভয় উদ্যোক্তাই বিদ্যমান পুঁজিবাজার বিধিমালা অনুসরণ করে উন্মুক্ত বাজারের মাধ্যমে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী আগাম ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। এর মাধ্যমে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামোর সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে আগে থেকেই ধারণা পান এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকে।
বাজারসংশ্লিষ্টদের মতে, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা স্বাভাবিক করপোরেট কার্যক্রমের অংশ। তবে বিনিয়োগকারীরা সাধারণত এ ধরনের ঘোষণার পাশাপাশি বিক্রির কারণ, কোম্পানির আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও বিবেচনায় নিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেন।

