দেশের পুঁজিবাজারে একই দিনে শেয়ার কিনে আবার বিক্রি করার সুযোগ তৈরি হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রা-ডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ ব্যবস্থা কার্যকর হবে।
বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে টি+২ সেটেলমেন্ট সাইকেল চালু রয়েছে। ফলে কোনো বিনিয়োগকারী শেয়ার কেনার পর তা বিক্রি করতে সাধারণত দুই কর্মদিবস অপেক্ষা করতে হয়। আর জেড ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে বিক্রির জন্য সময় লাগে তিন কর্মদিবস।
নতুন ব্যবস্থা চালু হলে নির্ধারিত শর্ত মেনে বিনিয়োগকারীরা একই দিনে শেয়ার কিনে সেদিনই বিক্রি করতে পারবেন। এতে বাজারে তারল্য বৃদ্ধি, লেনদেনের গতি বাড়ানো এবং বাজারকে আরও আধুনিক করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

