দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমেছে। রোববার বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকার। গতকাল সোমবার তা নেমে এসেছে ৯২১ কোটি টাকায়, অর্থাৎ আবারও হাজার কোটি টাকার নিচে। লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সূচক ও লেনদেন কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ারের দরপতন, যার প্রভাব পড়েছে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনেও। এদিন লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ১৪টির দাম কমেছে, বেড়েছে ৬টির, আর ১১টির দাম অপরিবর্তিত ছিল।
ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, সূচকের পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলা ১০ কোম্পানির ছয়টিই ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শুধু এই ছয় ব্যাংকের দরপতনেই ডিএসইএক্স ৮ পয়েন্টের বেশি কমেছে।
রোববার লেনদেনের শীর্ষ তালিকায় ব্যাংকের আধিক্য থাকলেও এদিন তাতে ছেদ পড়েছে। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল মাত্র দুটি, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। দুটির লেনদেনই আগের দিনের চেয়ে কমেছে। ব্র্যাক ব্যাংকের লেনদেন ছিল ১৬ কোটি টাকা এবং সিটি ব্যাংকের প্রায় ১৪ কোটি টাকা।
বাজারসংশ্লিষ্টরা জানান, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল। এতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়, ফলে সোমবার বাজারে বিক্রির চাপ ছিল বেশি।

