মিডল্যান্ড ব্যাংক পিএলসির কার্ডধারীরা এখন থেকে দেশের ছুটি রিসোর্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাবেন। এ অফারটি ছুটি গ্রুপের অধীনে থাকা চারটি পৃথক রিসোর্টে (ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পূবাইল, ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট) প্রযোজ্য হবে।
এ লক্ষ্যে ব্যাংকটি ছুটি গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
ছুটি গ্রুপ ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশি আতিথেয়তা, ইকো-ট্যুরিজম ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় বনানীতে অবস্থিত। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির রিসোর্টগুলোতে মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২-এ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ স্মারক সই হয়। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার। ছুটি গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন গ্রুপের দুটি প্রতিষ্ঠান ছুটি রিসোর্ট পূবাইল ও ছুটি ফরেস্ট ইগল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মো. সামসুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

