কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী কম্পিউটারবিজ্ঞানী জেফরি হিন্টন। তাঁর আশঙ্কা, চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরই এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত হিন্টন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সতর্কবার্তা দেন। তিনি বলেন, এআইয়ের বিপুল সম্ভাবনা থাকলেও এর ঝুঁকি মোকাবিলায় মানবজাতি ব্যর্থ হলে ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।
৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী বলেন, ‘এমনও হতে পারে যে এই প্রযুক্তি তৈরি না করলেই হয়তো আমরা আরও ভালো থাকতাম।’
তবে তিনি নিজেকে এআই নিয়ে কেবল সর্বনাশের আশঙ্কা ছড়ানো ব্যক্তি হিসেবে দেখেন না। তাঁর মতে, প্রযুক্তিটি মানুষের জন্য অভাবনীয় সম্ভাবনা ও সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে। কিন্তু সেই সুফল পেতে হলে ঝুঁকি নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করতে হবে।
চেরনোবিলের মতো বিপর্যয়ের আশঙ্কা
হিন্টনের মতে, আগামী এক দশকের মধ্যে, এমনকি তারও আগে বোঝা যাবে মানুষ এআইয়ের ঝুঁকি সামাল দিতে পারবে কি না।
তিনি সতর্ক করে বলেন, ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য ব্যাপকভাবে বাড়বে। পাশাপাশি সাংস্কৃতিক সংকট ও ব্যাপক বেকারত্ব তৈরি হয়ে পুরো সমাজব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে।
‘এআই: প্রবাবলি নথিং টু ওরি অ্যাবাউট’ নামের একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে তিনি এসব কথা বলেন। চ্যাটবটের প্রস্তাবিত শিরোনামে নির্মিত এই তথ্যচিত্রে হিন্টনের পাশাপাশি গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিসও রয়েছেন।
হিন্টন বলেন, নিজের পরিচিতি ও সুনাম ব্যবহার করে এআইয়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করাকে তিনি দায়িত্ব মনে করেন।
চলতি গ্রীষ্মে ওপেনএআইয়ের তৈরি কয়েকটি এআই এজেন্ট জোটবদ্ধ হয়ে ‘হাগিং ফেস’ নামের একটি ওয়েবসাইট হ্যাক করার পরিকল্পনা করেছিল বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটিকে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্ঘটনার সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর মতে, এটি ভবিষ্যতের আরও বড় বিপদের প্রাথমিক সতর্কসংকেত।
হিন্টনের আশঙ্কা, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর চেরনোবিলের মতো ভয়াবহ কোনো ঘটনা ঘটতে পারে। তবে সেটি পারমাণবিক দুর্ঘটনা হবে না। বরং এআইনির্ভর সাইবার হামলায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হতে পারে। অথবা এমন হামলা হতে পারে, যার ফলে পুরো আর্থিক ব্যবস্থা এক সপ্তাহের জন্য অচল হয়ে পড়বে।
তিনি বলেন, এমন বিপর্যয় ঘটলে মানুষ হয়তো তা কাটিয়ে উঠতে পারবে। তবে এর মাধ্যমে বিশ্বের নেতারা এআইয়ের ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাধ্য হবেন।
প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে অর্থের লোভের অভিযোগ
সাক্ষাৎকারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদেরও সমালোচনা করেন হিন্টন। তাঁর অভিযোগ, বাজারে আধিপত্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো ক্রমাগত আরও শক্তিশালী এআই মডেল তৈরি ও প্রকাশ করছে।
তিনি বলেন, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান—সবাই এআইয়ের ঝুঁকি সম্পর্কে জানেন। কিন্তু এসব ঝুঁকির চেয়ে তাঁরা অর্থ উপার্জনকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর একটি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার প্রচেষ্টার মধ্যে অল্টম্যানের মতো ব্যক্তির হাতে এত ক্ষমতা থাকা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন হিন্টন।
তবে গত সেপ্টেম্বরে অল্টম্যান বলেছিলেন, পরিস্থিতির গুরুত্ব বুঝেই তাঁরা যথাযথ পদক্ষেপ নেবেন এবং বিশ্বের উচিত তাঁদের ওপর আস্থা রাখা।
এআই নিয়ন্ত্রণে স্বাধীন সংস্থা চান হিন্টন
এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে অভিন্ন নীতিমালা ও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নিয়েছেন হিন্টন।
তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ আরও ৩২টি দেশের সমর্থিত একটি নিয়ন্ত্রণব্যবস্থার কথা উল্লেখ করেন। এতে শক্তিশালী এআই মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের প্রস্তাব রয়েছে।
হিন্টনের মতে, ওষুধের নিরাপত্তা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) যেভাবে কাজ করে, এআইয়ের ক্ষেত্রেও তেমন একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন।
তিনি বলেন, নতুন কোনো এআই মডেল বাজারে ছাড়ার আগে সেটি মানুষের ক্ষতির চেয়ে বেশি উপকার করবে—এমন শক্ত প্রমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে হবে।
এ প্রসঙ্গে ১৯৫০-এর দশকে থ্যালিডোমাইড ওষুধের কারণে শিশুদের জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা তৈরির ঘটনা তুলে ধরেন তিনি। তাঁর মতে, ক্ষতিকর পণ্য বাজারে ছাড়ার পর ক্ষতিপূরণ বা আইনি ব্যবস্থা নেওয়ার চেয়ে বাজারে ছাড়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে কোনো বৈশ্বিক পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি চান, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম নিজেরাই নিয়ন্ত্রণ করুক। কঠোর বিধিনিষেধ আরোপ করলে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে তাঁর অবস্থানের পেছনে।
৪৪ বছরের গবেষণার পর সতর্কবার্তা
প্রায় ৪৪ বছর ধরে এআই নিয়ে গবেষণা করছেন জেফরি হিন্টন। ১৯৭০-এর দশকে মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালি থেকে অনুপ্রাণিত কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে তাঁর গবেষণা এআইয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার তথ্য থেকে শিখতে এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। এ গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য ২০২৩ সালে গুগলের চাকরি ছাড়েন হিন্টন। সে সময় তিনি সতর্ক করেছিলেন, এআই ক্রমে মানুষের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে উঠলে মানবজাতি বড় বিপদের মুখে পড়তে পারে।
তবে এত সতর্কবার্তার পরও ভবিষ্যৎ নিয়ে পুরোপুরি হতাশ নন তিনি।
হিন্টন বলেন, ‘আমার মন বলছে পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমরা নিশ্চয় কোনো ব্যবস্থা নিতে পারব। এটি তখনই সফল হবে যদি আমরা এর পেছনে বড় ধরনের প্রচেষ্টা চালাতে পারি।’
তাঁর মতে, এআই মানবজাতির জন্য অভাবনীয় সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে প্রযুক্তির বিকাশের পাশাপাশি এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
সূত্র: দ্য গার্ডিয়ান

