বৈদ্যুতিক গাড়ির (ইভি) ক্ষেত্রে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করলো হোন্ডা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিইএস টেক কনফারেন্সে তাদের জিরো সিরিজের দুটি মডেল প্রকাশ্যে আনা হয়। এই মডেল দুটি হোন্ডার বৈদ্যুতিক গাড়ি বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।
নতুন মডেল দুটি হলো হোন্ডা জিরো সেলুন এবং হোন্ডা জিরো এসইউভি। উভয় মডেলই প্রোটোটাইপ হিসেবে উন্মোচিত হয়েছে। যা ইঙ্গিত দেয় যে, বাজারে আসার আগেই এতে কিছু পরিবর্তন আসতে পারে। হোন্ডা জানিয়েছে, ২০২৬ সালে উত্তর আমেরিকায় এই মডেলগুলো বাজারে আসবে। প্রথমে এসইউভি সংস্করণ, এরপর সেলুন ক্রেতাদের হাতে পৌঁছাবে।
হোন্ডার নতুন ইভি মডেলগুলো বর্তমান বাজারে থাকা গাড়ির তুলনায় পুরোপুরি আলাদা। স্লিক এবং ফিউচারিস্টিক এই গাড়িগুলো হোন্ডার জিরো সিরিজের তিনটি মূল নীতির প্রতিফলন ঘটায়- ‘পাতলা, হালকা এবং বুদ্ধিদীপ্ত।’
গাড়ির ডিজাইন ও প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকান হোন্ডা মোটরের অটোমোবাইল সেলসের ভাইস প্রেসিডেন্ট ল্যান্স ওয়েলফার জানান, গত বছর উন্মোচিত মডেলগুলোর পরামর্শ এবং প্রতিক্রিয়াগুলো নতুন মডেলের ডিজাইন তৈরিতে কাজে লাগানো হয়েছে।
এছাড়া নতুন সিরিজে থাকবে হোন্ডার নিজস্ব অপারেটিং সিস্টেম, ‘অ্যাসিমো ওএস’। এটি উন্নত স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি সেবা দেবে, যার মধ্যে রয়েছে হ্যান্ডস-ফ্রি ড্রাইভিংয়ের মতো আধুনিক সুবিধা। অ্যাসিমো নামটি হোন্ডার বিখ্যাত হিউম্যানোইড রোবটের প্রতি শ্রদ্ধাস্বরূপ রাখা হয়েছে। যা দুই দশকেরও আগে সিইএসে প্রথমবার উন্মোচিত হয়েছিল।
নতুন মডেলগুলো যুক্তরাষ্ট্রের ওহাইওতে নির্মিত হোন্ডার বিলিয়ন ডলারের কারখানায় তৈরি হবে। যদিও গাড়ির দাম, রেঞ্জ এবং পারফরম্যান্স সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি হোন্ডা, তবে বাজারে এ গাড়িগুলো উল্লেখযোগ্য প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগে হোন্ডা জাপানি অটোমেকার নিশানের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে নতুন মডেলগুলোর ওপর এই একীভূতকরণের কোনো প্রভাব পড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
হোন্ডার এই নতুন উদ্যোগ বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে তাদের প্রতিশ্রুতি জোরদার করবে।

