দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এই ফোন কবে বাজারে আসবে তা নিয়ে স্যামসাংপ্রেমীদের আগ্রহের কমতি নেই।
এই বছরের শুরুতেই বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এই ফোনটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা আরও উন্নত হতে চলেছে।
শোনা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসেই আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের ফোনটি।
সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্য থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রাতে ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন থাকতে পারে। এর পূর্ববর্তী মডেলগুলোতে ছিল কার্ভড এজেস। যদিও সিগনেচার এস-পেন ইন্টিগ্রেশন একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে আগের মডেলগুলোর তুলনায় এর কর্নারগুলো সফট থাকবে। ডিসপ্লের আশপাশে থাকা বিজেলসও হবে মিনিম্যাল।
ধারণা করা হচ্ছে যে, এই ডিভাইসে থাকছে ৬.৯ ইঞ্চির অ্যামোলিড স্ক্রিন। অর্থাৎ এই ফোনের স্ক্রিন গ্যালাক্সি এস২৪ আল্ট্রার তুলনায় বড় হতে চলেছে। এর স্ক্রিনে ৩১২০×১৪৪০ পিক্সেলের হাই রেজুলেশনের সুবিধা মিলবে।

স্যামসাংয়ের আলট্রা মডেলগুলোতে বরাবরই ক্যামেরার ওপর জোর দেয়া হয়। গ্যালাক্সি এস২৫ আলট্রাও তার ব্যতিক্রম নয়। এতে থাকবে একটি নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও। সেই সঙ্গে থাকবে ৩এক্স এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরাও।
ঠিক এর আগের মডেলগুলোর মতোই আল্ট্রা মডেলে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর বরাবরের মতোই রিটেল বক্সে থাকবে না চার্জার। এক্ষেত্রেও অ্যাপল এবং গুগলের মতো বড় ব্র্যান্ডগুলোর পথেই হেঁটেছে স্যামসাং। এই ফোনে থাকতে পারে আইপি ৬৮ এবং আইপি ৬৯ ওয়াটার-রেজিস্ট্যান্ট রেটিংয়ের সাপোর্ট।

