গেমিং দুনিয়ায় বড় চমক নিয়ে আসছে নিনতেন্দো। চলতি বছরই বাজারে আসছে সুইচ কনসোলের দ্বিতীয় সংস্করণ। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরেই গেমারদের মধ্যে এ কনসোল নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সূত্র: এপি
নিনতেন্দোর সুইচ সিস্টেমের একটি ভিডিওতে সুইচ ২-এর সম্ভাব্য নকশা সম্পর্কে কিছু তথ্য উঠে এলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুইচ ২ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে এপ্রিলে অনুষ্ঠেয় এক ইভেন্টে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন সংস্করণে স্ক্রিন ও কন্ট্রোলার আগের তুলনায় বড় এবং উন্নত হবে। কন্ট্রোলার বা জয়-কন আগের মতো স্লাইড করার পরিবর্তে সরাসরি ইউনিটের পাশে যুক্ত থাকবে। পাশাপাশি, এতে উন্নতমানের ট্রিপল-এ গেমস খেলার সুবিধা থাকবে।
এদিকে, নিনতেন্দো অ্যাপলের আইফোন মডেলের মতো সুইচের একাধিক সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, এটি নিনতেন্দোর হাইব্রিড গেমিং মার্কেটকে আরও বিস্তৃত করতে সহায়তা করবে।
কিয়োটোভিত্তিক গেম ডেভেলপাররা জানিয়েছেন, ‘নিনতেন্দো সুইচ ২ এক্সপেরিয়েন্স’ নামে এক বিশেষ ইভেন্ট আয়োজন করা হবে। এতে গেমাররা সরাসরি নতুন কনসোলের অভিজ্ঞতা নিতে পারবেন। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, লন্ডন ও প্যারিসে আগামী এপ্রিলে এসব ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে নিনতেন্দো।
উল্লেখ্য, ২০১৭ সালে সুইচ বাজারে আসার পর বিশ্বব্যাপী ১৪ কোটির বেশি ইউনিট বিক্রি হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিক্রি কমতে শুরু করেছে। কোম্পানিটি আগামী মার্চে শেষ হওয়া অর্থবছরের জন্য সুইচ কনসোলের বিক্রির পূর্বাভাস কমিয়েছে। নিনতেন্দোর ভাষ্য, কনসোলটি পুরনো হয়ে যাওয়ায় এবং বাজারে আগ্রহ কিছুটা হ্রাস পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সুইচ ২ ঘোষণার ঠিক আগে নিনতেন্দোর শেয়ারের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

