অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুগল ২০২৪ সালে ২০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ অ্যাপ ব্লক করেছে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা ও প্লে স্টোরে ক্ষতিকারক অ্যাপের বিস্তার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এই কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষ ভূমিকা রেখেছে। সূত্র: গিজচায়না
গুগল জানায়, প্রতিদিন লাখ লাখ অ্যাপ স্ক্যান করা হয় এবং যেসব অ্যাপ ব্যবহারকারীদের জন্য হুমকিস্বরূপ, সেগুলো চিহ্নিত করে অপসারণ করা হয়। সাইবার নিরাপত্তা জোরদার করতে গুগলের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এক গুগল কর্মকর্তা জানান, প্লে স্টোরের ঝুঁকিপূর্ণ অ্যাপ শনাক্ত করতে ৯২ শতাংশ ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত ও নির্ভুলভাবে ক্ষতিকর অ্যাপ শনাক্ত করা সম্ভব হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে গুগল ২২ লাখের বেশি অ্যাপ ব্লক করেছিল, যা ২০২২ সালে ছিল ১৫ লাখ। প্রতিষ্ঠানটির দাবি, এখন আগের তুলনায় আরও কার্যকরভাবে ক্ষতিকারক অ্যাপ ব্লক করা সম্ভব হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ এআই প্রযুক্তির অগ্রগতি।
গুগল জানায়, এআই প্রযুক্তি সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারছে, যা প্লে স্টোরে থাকা বিপজ্জনক অ্যাপ চিহ্নিত করতে সাহায্য করছে।
বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ের ফলে মানব পর্যবেক্ষকদের জন্য জটিল ও গভীর বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে। এআই ও মানব বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টার ফলে গুগল দ্রুত ও আরও কার্যকরভাবে ঝুঁকিপূর্ণ অ্যাপ চিহ্নিত করতে সক্ষম হচ্ছে।

