সামাজিক যোগাযোগমাধ্যম এক্স শিগগিরই তাদের প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনের সুবিধা চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ভিসার সঙ্গে প্রথম ডিজিটাল ওয়ালেট চালুর চুক্তি করেছে। সূত্র: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে
এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো জানিয়েছেন, নতুন এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা ভিসা রিয়েল টাইম মানি ট্রান্সফার সলিউশন ‘ভিসা ডিরেক্ট’ ব্যবহার করে তাৎক্ষণিক ও নিরাপদে অর্থ আদান-প্রদান করতে পারবেন। ব্যবহারকারীরা ডেবিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওয়ালেটে তহবিল স্থানান্তর করতে পারবেন এবং ব্যক্তিগত লেনদেনও সম্পন্ন করতে পারবেন।
তিনি আরো বলেন, ‘এ বছরের অন্যতম বড় ঘোষণা হলো ‘এক্স মানি’ চালু করা। ২০২৪ সালের শেষ নাগাদ এটি উন্মুক্ত করা হবে।’
উল্লেখ্য, ইলন মাস্ক এক্স-এর মালিকানা নেওয়ার পরপরই আর্থিক পরিষেবা চালুর পরিকল্পনা করেন। ‘এক্স পেমেন্টস এলএলসি’-এর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৪১টি প্রদেশে এটি নিবন্ধিত হয়েছে এবং ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কেও (ফিনসেন) নিবন্ধন সম্পন্ন হয়েছে।
তবে আর্থিক সংকটের ইঙ্গিতও মিলেছে সম্প্রতি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক্স-এর আর্থিক অবস্থান চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা স্থিতিশীল থাকলেও প্রত্যাশিত রাজস্ব অর্জন সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছেন ইলন মাস্ক।
তিনি বলেন, ‘আমরা কেবল টিকে থাকার মতো আয় করছি।’
উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ৪৪০০ কোটি ডলারে টুইটার কিনে এক্স-এ রূপান্তর করেন ইলন মাস্ক। অধিগ্রহণের পর থেকে তিনি বিনামূল্যে যাচাই ব্যবস্থা বাতিল, অর্থপ্রদানের মাধ্যমে সদস্যপদ চালু এবং এক্স-এর ব্র্যান্ডিংয়ে পরিবর্তন এনেছেন।

