বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন মেট এক্সটি আল্টিমেট ডিজাইন উন্মোচনের পর, এবার এ প্রযুক্তিতে প্রতিযোগিতায় নামছে স্যামসাং। ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ংয়ের তথ্যানুসারে, দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠানটি আগামী জানুয়ারিতে তাদের প্রথম ট্রাই ফোল্ড হ্যান্ডসেট ‘গ্যালাক্সি জি ফোল্ড’ উন্মোচন করতে পারে। সূত্র: গ্যাজেট থ্রিসিক্সটি
স্যামসাং তাদের ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে মাল্টি-ফোল্ড ফোন উন্মোচনের ইঙ্গিত দিয়েছিল। অনলাইনে ফাঁস হওয়া তথ্যে সম্ভাব্য মডেলের নামও উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির জেড ফোল্ড সিরিজের নামকরণের ধারা বজায় রেখেই নতুন ডিভাইসের নামকরণ করা হয়েছে ‘গ্যালাক্সি জি ফোল্ড’।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি জি ফোল্ডে ৯.৯৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যা ভাঁজ করলে পরিণত হবে ৬.৫৪ ইঞ্চি স্ক্রিনে। ফোল্ডিং মেকানিজমের দিক থেকেও এটি ভিন্ন হবে। হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট ডিজাইনের মতো বাইরের দিকে নয়, বরং স্যামসাংয়ের ফোনটি দুই দিক থেকেই ভেতরের দিকে ভাঁজ করা যাবে।
ডিভাইসটির ওজন হুয়াওয়ের ট্রাই ফোল্ড ফোনের কাছাকাছি হবে, তবে এটি কিছুটা পুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, স্যামসাং এই হ্যান্ডসেটে উন্নত ডিসপ্লে প্রযুক্তি ও নতুন ধরনের সুরক্ষা ফিল্ম ব্যবহার করতে পারে।
সম্প্রতি স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে কোম্পানির প্রডাক্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস অফিসের প্রধান জে কিম স্বল্প সময়ের জন্য ট্রাই ফোল্ড ফোনটি প্রদর্শন করেন, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

