টেক জায়ান্ট গুগল তাদের সার্চ সিস্টেমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। ২০২৫ সাল থেকে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গুগলের সর্বশেষ আয়ের রিপোর্ট নিয়ে আলোচনা করার সময় তিনি জানান, সার্চ সিস্টেমটি এখন একটি এআই ‘যাত্রার’ অংশ, যা সম্প্রতি শুরু হয়েছে।
পিচাই বলেন, ‘এআই মানুষের অনুসন্ধান করার প্রক্রিয়া ক্রমাগতভাবে পরিবর্তন করছে। তাই ২০২৫ সাল হতে যাচ্ছে সার্চ প্রযুক্তির সবচেয়ে বড় উদ্ভাবনের বছর।’ গুগল বর্তমানে তাদের সার্চ সিস্টেমে আরো বেশি এআই ফিচার যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ কাজের জন্য তাদের গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডকে নিয়োজিত করেছে।
গুগল সার্চ ধীরে ধীরে একটি এআই সহকারীর মতো কাজ করবে, যা ওয়েব ব্রাউজ করবে, সাইটগুলির তথ্য পর্যবেক্ষণ করবে এবং সরাসরি উত্তর প্রদানে সক্ষম হবে। এআই প্রযুক্তি নিয়ে গুগলের গবেষণা গত কয়েক বছর ধরে চলছিল। তবে ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে গুগল এই খাতে আরও বেশি জোর দিয়েছে। চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধির ফলে গুগল চাপে পড়ে এবং তারা সার্চ সিস্টেমে আরো উন্নত প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে।
বিশ্লেষকরা ধারণা করছেন, গুগলের এই নতুন এআই প্রযুক্তি সার্চ ইঞ্জিনের ব্যবহারকারী ও বিজ্ঞাপন দাতা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এছাড়া, গুগল তাদের প্রজেক্ট অ্যাস্ট্রা সম্পর্কেও বড় পরিকল্পনা প্রকাশ করেছে। পিচাই বলেন, ‘এটি ডিপমাইন্ডের মাল্টিমোডাল এআই সিস্টেমের একটি রেফারেন্স। এই সিস্টেমটি ক্যামেরা বা স্ক্রিন থেকে লাইভ ভিডিও দেখতে পারে এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর প্রদান করতে পারে।’ গুগল আরও জানায়, তারা এই প্রযুক্তির মাধ্যমে একদিন অগমেন্টেড রিয়েলিটি স্মার্ট গ্লাস চালানোর পরিকল্পনাও করছে এবং এ জন্য গুগল নিজেই অপারেটিং সিস্টেম তৈরি করবে।

