বিশ্বব্যাপী ট্যাবলেটের বাজারে ব্যাপক প্রবৃদ্ধি দেখা গেছে ২০২৪ সালে। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৫.৬ শতাংশ বেড়ে প্রায় ৪ কোটি ইউনিটে পৌঁছেছে। পুরো বছরের হিসেবে ট্যাবলেট বিক্রি ৯.২ শতাংশ বেড়ে মোট ১৪ কোটি ইউনিট অতিক্রম করেছে।
অ্যাপলের শীর্ষস্থান অব্যাহত বৈশ্বিক ট্যাবলেট বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৪ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১ কোটি ৭০ লাখ আইপ্যাড বিক্রি করেছে, যা দ্বিতীয় অবস্থানে থাকা স্যামসাংয়ের ৭০ লাখ ইউনিটের তুলনায় অনেক বেশি। বাজার বিশ্লেষকদের মতে, অ্যাপলের উদ্ভাবনী নকশা ও উন্নত ফিচারই এর জনপ্রিয়তার মূল কারণ।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি ২০২৪ সালে ট্যাবলেট বাজারে শক্তিশালী অবস্থান অর্জন করেছে চীনা কোম্পানিগুলো। ক্যানালিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শাওমি ৭৩ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানীয় চীনা ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যামাজনকে পেছনে ফেলে পঞ্চম স্থানে পৌঁছেছে। এ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হুয়াওয়ে ও লেনোভো।
ট্যাবলেটের চাহিদা ও ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষকদের মতে, ট্যাবলেটের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে নতুন ফিচার যুক্ত করছে। বিশেষ করে, কোভিড-১৯ মহামারির সময় ওএলইডি ডিসপ্লেয়ুক্ত ট্যাবলেটের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যা এখনো চলমান।
ব্যবহারকারীদের মধ্যে ট্যাবলেট ব্যবহারের প্রবণতাও গবেষণায় উঠে এসেছে। ৫৪ শতাংশ ব্যবহারকারী মূলত ই-মেইল পাঠানোর জন্য ট্যাবলেট ব্যবহার করেন। এছাড়া সংবাদ পড়া ও সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও এটি জনপ্রিয়।
বাজার বিশ্লেষকদের প্রত্যাশা, ২০২৫ সালে ট্যাবলেটের ব্যবহার আরও বাড়বে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানগুলো উন্নত সংস্করণ বাজারে আনবে।

