প্রায় ২৪ ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ‘সনির প্লে স্টেশন নেটওয়ার্ক’ (পিএসএন)। শুক্রবার থেকে শুরু হওয়া এই ত্রুটির কারণে গেমাররা অনলাইন পরিষেবা এবং মাল্টিপ্লেয়ার গেম খেলতে সমস্যার সম্মুখীন হন।
পরবর্তী সময়ে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্লে স্টেশন জানায়, ‘পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ব্যবহারকারীরা অনলাইন ফিচারগুলোতে কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারবেন।’
সনির তথ্য অনুযায়ী, বিভ্রাটটি শুরু হয় শুক্রবার স্থানীয় সময় রাত ৭টার দিকে। এর ফলে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, গেমিং, ভিডিও, প্লে স্টেশন স্টোরসহ অন্যান্য সেবায় প্রবেশ করতে সমস্যায় পড়েন। পাশাপাশি প্লে স্টেশন ফাইভসহ অন্যান্য কনসোল ও ইন্টারনেট সংযোগেও জটিলতা দেখা দেয়।
সনি জানিয়েছে, সাম্প্রতিক এই ঘটনা প্লে স্টেশন নেটওয়ার্কের অন্যতম দীর্ঘ বিভ্রাটের একটি। এর আগে ২০১১ সালের এপ্রিলে বড় ধরনের তথ্য ফাঁসের কারণে এক মাসের জন্য পিএসএন পরিষেবা বন্ধ ছিল। তবে এবারের বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এদিকে, শনিবার এবং রবিবারে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএন পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

